সাতক্ষীরা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাতক্ষীরায় মঙ্গলবার রাতে এক জন নিহত এবং অপর এক জন আহত হয়েছে।
সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ। ছিনতাইকারীরা দুটি মোটর সাইকেলও নিয়ে যায়।
ছিনতাইকারীদের হামলায় নিহত ব্যক্তি হলেন ওষুধ কোম্পানি অ্যালকোর সাতক্ষীরা রিপ্রেজেন্টেটিভ মুন্সি কামরুজ্জামান (৩০)। আহত হন সদর উপজেলার ঝাউডাঙ্গার আব্দুর রহমান কলেজের প্রভাষক বিধান জিত রায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কামরুজ্জামান রাতে সাতক্ষীরা শহর থেকে মোটর সাইকেলে চড়ে নিজ বাড়ি কলারোয়ায় যাওয়ার পথে ছয়ঘরিয়া এলাকায় ছিনতাইকারীরা তাকে আটকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তার পাশের ধান ক্ষেতে ফেলে দেয়। তার মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা। একই রাতে বিধান জিত রায় শহর থেকে বাড়ি ফেরার পথেও ওই ছিনতাইকারী দলের কবলে পড়েন। তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মোটর সাইকেলটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা কাদের বেগ জানান, গভীর রাতে টহল পুলিশ কামরুজ্জামানের লাশ এবং বিধান জিত রায়কে উদ্ধার করে।
হত্যার অভিযোগ এনে কামরুজ্জামানের ভাগ্নে এমদাদুল হক বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে কাদের বেগ জানান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কামরুজ্জামানের হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। এর আগে শহরের রাজ্জাক পার্কে শোকসভাও করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24