বান্দরবান, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম) - বান্দরবান জজ আদালত চত্ত্বরে লিফলেট বিলি করার সময় মঙ্গলবার দুপুরে জঙ্গি সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট উদ্ধার করা হয়।
এরা হলেন- দলনেতা সোলেমান কবির, সৈয়দ আহাম্মদ কবির, আবু বক্কর সিদ্দিকী, নাজমুল হক রানা, আবুল বাশার, হাবিবুর রহমান, খালেদ সাইফুল্লাহ মামুন ও আবু হানিফ। প্রাথমিকভাবে এদের বাড়ি পটুয়াখালী, সৈয়দপুর, মুন্সীগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ বলে জানা গেলেও এ বিস্তারিত কিছু জানা যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, আটককৃতরা নিজেদের 'ইসলামী সমাজ' নামের একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন।
তিনি জানান, আটককৃতরা জজ আদালত চত্ত্বরে ঘুরাফেরা করছিল এবং লোকজনের কাছে লিফলেট বিলি করছিল। তাদের লিফলেটের শিরোনাম ছিল- 'দেশ ও জাতি গভীর সংকটে নিমজ্জিত, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাই এ সংকট থেকে বাঁচার একমাত্র উপায়'।
ওসি জানান, গোয়েন্দা পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে বিপুল সংখ্যক লিফলেট পাওয়া গেছে।
এছাড়া তাদের কাছ থেকে ইসলামী আইন বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টাকে দেওয়া একটি স্মারকলিপির কপিও উদ্ধার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপিটি গ্রহণের (২০০৭ সালের ৩ অক্টোবর) সিল ও স্বাক্ষর রয়েছে।
আবুল কাশেম বলেন, "আটককৃতদের প্রাথমিকভাবে জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করা হচ্ছে। ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে।"
আটককৃতারা সাংবাদিকদের জানান, তাদের আমির (দলের প্রধান) সৈয়দ হুমায়ুন কবির কুমিল্লায় থাকেন। তার নির্দেশেই তারা দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিলি করছেন। গত ২ আগস্ট থেকে তারা লিফলেট বিলির কাজ শুরু করেন। বান্দরবানের আগে বিলি করেছেন চট্টগ্রামে। এরপর রাঙামাটিতে বিলির করার কথা ছিল।
উদ্ধার করা লিফলেটে চারদফা কর্মসূচির উল্লেখ আছে। কর্মসূচিগুলো হলো ২০০৮ সালের আগস্ট মাসব্যাপী সকল জেলা শহরে সাংগঠনিক সফর ও গণসংযোগ। সেপ্টেম্বর মাসব্যাপী দেশের ইসলামী ও রাজনৈতিক দলসমূহের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল এবং দেশের গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট নাগরিকগণের সঙ্গে মতবিনিময়, মাসের শেষ সপ্তাহে জাতীয় সংলাপ। ১৫ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ঢাকার পুরানা পল্টনের মুক্তাঙ্গনে অবস্থান গ্রহণ, ২৬- ৩১ অক্টোবর পর্যন্ত ছয়দিন কুমিল্লা শহর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর জেলা শহর পর্যন্ত পদযাত্রা।
তারা মঙ্গলবারই বান্দরবানে এসেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24