২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে পাঁচজন আহত, গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়া উপজেলায় সোমবার গভীর রাতে ডাকাত ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই ডাকাতসহ পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

কক্সবাজার, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলায় সোমবার গভীর রাতে ডাকাত ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই ডাকাতসহ পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মিয়ানমারের এক নাগরিকসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। পরে ডাকাত সন্দেহে আরেক জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাদের কাছ থেকে দু'টি দেশীয় তৈরি বন্দুক, চারটি কার্তুজ ও চারটি কিরিচ উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী উখিয়া আনসার-ভিডিপি দলের অধিনায়ক জসিম উদ্দিন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার বাদুইজ্জ্যা ঘোনায় (মরিচ্যা বাজারের পশ্চিমে) একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। আনসার কমান্ডার জসিম উদ্দিন আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। তার মতে, পুলিশ এ সময় ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। পাশাপাশি ডাকাত দলের সদস্যরা অন্তত ৪৫ রাউন্ড গুলি করেছে। তবে উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন ১৩ রাউন্ড গুলি করার কথা স্বীকার করেছেন। মেজবাহ উদ্দিন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাত দলে ১৭-১৮ জন সদস্য থাকলেও পুলিশের গুলির মুখে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চার ডাকাতকে আটক করা হয়েছে। এরা হল- ইনানী এলাকার মোহাম্মদ হোসেন (২৪), কুতুপালং এলাকার ছাবের আহমদ (২৮), পাগলিরবিল এলাকার নুরুল কবির (৩২) ও মিয়ানমারের মংন্ডু এলাকার চৈ ছং মারমা (২৬)। ভোর রাতে স্থানীয় জনতা পাগলিরবিল এলাকা থেকে দীল মোহাম্মদ (২৫) নামের আরেকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে তিনি জানান। সংঘর্ষে আহতরা হলেন- এএসআই হাদিউজ্জামান, কনস্টেবল জাহাঙ্গীর আলম, আনসার সদস্য মোহাম্মদ আলম এবং দুই ডাকাত নুরুল কবির ও চৈ ছং মারমা। এদের মধ্যে দুই ডাকাতকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় ডাকাতি ও অস্ত্র মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.