গাজীপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীপুর পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ নেতা বর্তমান মেয়র মো. আনিছুর রহমান জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. নুরুল ইসলাম।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম রাতে সচিবালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পৌরসভার মেয়র পদের বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন ।
তিনি জানান, মোট ১৯টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় আনিছুর রহমান ছাতা প্রতীক নিয়ে ১৭ হাজার ৮০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম (চাকা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৬৭৯ ভোট।
তিনি জানান, মোট ৪৮ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪০ হাজার ৪৬৫ জন। ভোট দেওয়ার হার ৮৩ দশমিক ৭১ শতাংশ।
এ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রার্থীরা হলেন- আবু মহসিন ভুঁইয়া, মো. আব্দুল মোতালেব, মো. নজরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম।
এছাড়াও কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/ডিডি/এমএসবি/০২১৩ ঘ.
bdnews24