২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িয়ায় জয়ী আওয়ামী লীগের গোলাম কিবরিয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতা চান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ময়মনসিংহ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতা চান মাহমুদ। রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ পৌরসভার ১০টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া (মাইক প্রতীক) ৩ হাজার ৬৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির সহসভাপতি চান মাহমুদ পেয়েছেন ৩ হাজার ৪০৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ১৭ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫ হাজার ৭৫৭ জন। ভোট দেওয়ার হার ৯১ দশমিক ২০ শতাংশ। সোমবার সকাল ৮টায় পৌরসভার ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ফুলবাড়িয়া পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন। এছাড়াও কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন ভোটার আইডি কার্ড হওয়ায় এবং পরিবেশ ভাল ছিল বলেই এবার বেশি ভোট পড়েছে। ফুলবাড়িয়া মহিলা কলেজ কেন্দ্রের ভোটার আব্দুর রহিম জানান, ভোট দিতে তার কোনো সমস্যা হয়নি। একই কেন্দ্রের ভোট দিতে আসা হালিমা খাতুন বলেন, "এবার ভোট কেন্দ্রের পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। ভোট দিতে কোনো সমস্য হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৭ ঘ.