২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কামরান পুনর্নির্বাচিত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে পুনর্নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক পরিষদের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

রিয়াজুল বাশার ও মুক্তাদির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে পুনর্র্নিবাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক পরিষদের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান। তিনি ৮৩ হাজার ৩৩৯ ভোটের স্পষ্ট ব্যবধানে হারিয়েছেন বিএনপি নেতা ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ ফ ম কামালকে। সিলেটের মোট ১২০টি কেন্দ্রে আনারস প্রতীক নিয়ে কামরান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৩৬ ভোট। অন্যদিকে টেলিভিশন প্রতীক নিয়ে কামাল পেয়েছেন মোট ৩২ হাজার ৯৭ ভোট। সাবেক মেয়র কামরান তিনটি দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। উপ নির্বাচনী কমিশনার ও সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান রাত পৌনে ৩টায় বদরউদ্দিন আহমেদ কামরানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তিনি জানান, এ সিটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৬ হাজার ২৩৭ জন। এর মধ্যে ১ লাখ ৯২ হজার ৩৬২টি ভোট পড়ে। এই সংখ্যা মোট ভোটের ৭৫ শতাংশ। কামরানের ছেলে আরমান আহমদ শিপলু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আল্লাহর কাছে শুকরিয়া, পূণ্যভূমি সিলেটের সম্মানিত জনগণ প্রমাণ করলেন: ষড়যন্ত্র, অপপ্রচার করে সিলেটবাসীর সঙ্গে বাবার আত্মার সম্পর্কে ফাঁটল ধরানো যাবে না। আমি জনগণের কামরানকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।" নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "এই বিজয়ের পূর্ণ কৃতিত্ব সিলেটের জনগণের। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।" এর আগে কামরানের স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকার খবরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আগেই বলেছিলাম- গণজাগরণ গণবিস্ফোরণে পরিণত হবে। এখন তা গণবিপ্লবে পরিণত হয়েছে। আশা করি, সকল মহল জনতার রায় মেনে নেবে।" সোমবারের নির্বাচনে সিলেটে মেয়র পদে ১৫ জন, ২৭ টি কাউন্সিলর পদে ১৯৭ জন এবং ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন নির্বাচনে অংশ নেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকেল ৫টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। বদরউদ্দিন আহমেদ কামরান ১৯৫১ সালের ১ জানুয়ারি সিলেটে জন্ম নেন। ১৯৭৩ উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথমবারের মতো সিলেট পৌরসভার ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন তিনি। ১৯৯৫ সালে হন সিলেট পৌরসভার চেয়ারম্যান। ২০০২ সালে সিলেট পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর কামরান মেয়র মনোনীত হন। ২০০৩ সালে সিলেটের প্রথম সিটি করপোরেশনে জিতে মেয়র পদ ধরে রাখেন তিনি। তিনটি দুর্নীতি মামলার আসামি কামরানকে গত ২৮ মে গ্রেপ্তার করে যৌথবাহিনী। কারাগারে থেকে নির্বাচন করেও বিপুল ভোটে জয়ী হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/জেকে/এমএইচবি/০৩২২ ঘ.