ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- "একবার ভেবেছিলাম মরেই গেছি। চারদিক থেকে তাপ আসছে। ধোঁয়ায় নিশ্বাস নিতে পারছি না। টর্চ জ্বাললেও কিছু দেখা যাচ্ছে না শুধু অন্ধকার"- অক্সিজেন মুখোশটা হাতে ধরে হাঁপাতে হাঁপাতে এভাবেই নিজের বেঁচে থাকার বর্ণনা দিলেন গোলাম রব্বানী।
রোববার রাতে পুরনো ঢাকার আগা সাদেক রোডের যে বাড়িতে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে সে বাড়ির পাঁচতলায় থাকতেন গোলাম রব্বানী। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কর্মকর্তা রব্বানী রোববার ভোরে তার অভিজ্ঞতা জানালেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একটি ট্রলির ওপর শুয়ে থাকা অবস্থায়।
হাতে স্যালাইন আর মুখে অক্সিজেন মুখোশ লাগানো রব্বানী জানালেন, বাড়িটিতে আগুন লাগার আগে বিদ্যুৎ চলে যায়। তিনি তখন টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই নিচতলায় আগুনের শিখা দেখতে পান রব্বানী। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের সঙ্গে যুদ্ধ শুরু হয় তার। এক সময় হাল ছেড়ে দেন।
আগুন দেখার পর ছোটাছুটি শুরু করেন রব্বানী। এক সময় ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেন। "ছাদে যাওয়ার উদ্দেশ্যে যেই আমার ফ্ল্যাটের দরজা খুলেছি অমনি আগুনের ঝলক ছুঁয়ে যায়। আমি ভয়ে আবার দরজা বন্ধ করে ভেতরে চলে যাই। নিঃশ্বাস নিতে পারছিলাম না। চারদিকে ধোঁয়া। টর্চ জ্বেলেও কিছু দেখতে পাচ্ছি না। তখনই ভেবেছিলাম আমি বোধহয় মারা গেছি।"
রব্বানী বলেন, "অবস্থা বেগতিক দেখে আমি ব্যালকনিতে এসে দাঁড়াই। নিচে তাকিয়ে লোকজনের উদ্দেশে বলতে থাকি, 'ভাই আমাকে বাঁচান। আমি মারা গেলাম।' তখন নিচ থেকে চীৎকার করে তারা আমাকে ছাদে যাওয়ার জন্য বলতে থাকে। আবারও ছাদে যাওয়ার জনৗ বের হতে গিয়ে দেখি দরজায় আগুন ধরে গেছে। আমি বাথরুম থেকে পানি এনে সে আগুন নেভাই। এরপর বিভিন্ন দিক থেকে ঘরে আগুন ঢুকতে থাকে। আমি বাথরুমে ছুটে ছুটে গিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকি।"
দমকলকর্মীদের চেষ্টায় এর মধ্যে আগুন কিছুটা কমে আসে। তখন ফ্ল্যাটের দরজা খুলে রব্বানী দরজার সামনেই তিন/চারটা লাশ দেখতে পাই। "আমি যেন স্বয়ংক্রিয়ভাবে চলছিলাম। তবে ক্রমে পা অচল হয়ে আসতে থাকে। ছাদ থেকে কারা যেন আমাকে বলছিল, 'এইতো আরেকটু, ছাদে চলে এসেছেন।' তারপর কেউ একজন আমাকে ধরে ছাদে নিয়ে যায়। পরে পাশের বাড়ির লোকজন এই ভবনের ছাদের ঘেরা দেওয়াল ভেঙে আমাদের উদ্ধার করতে সাহায্য করে।"
রব্বানী জানান, ফ্ল্যাটে তিনি একা ছিলেন। কয়েকদিন আগে তার স্ত্রী বগুড়ার জলেশ্বরী তলার গ্রামের বাড়িতে গিয়েছেন। "স্ত্রী থাকলে হয়তো দু'জনকেই মরতে হতো," বললেন রব্বানী।
গোলাম রব্বানীর সঙ্গে হাসপাতালে ছিলেন স্থানীয় একটি জুতার কারখানার ম্যানেজার মো. প্রিন্স। তিনি বললেন, ছাদ থেকে নেমেই অজ্ঞান হয়ে যান রব্বানী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রিন্সের অভিযোগ, দমকল কর্মীদের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে। "আগুন যখন লাগে তখন এলাকার পোলাপানই বাড়িওয়ালার ছেলে শান্তকে দরজা ভেঙে বের করে আনে। অথচ দমকল কর্মীরা কিছু করেনি। পাশের ভবনের লোকজন ছাদ থেকে তিন/চারজনকে উদ্ধার করে। দমকল কর্মীদের একটা মইও ছিল না,"বললেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০২১ঘ.
bdnews24