২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কয়েকটি জাল ভোট, নতুন পদ্ধতি নিয়ে বিভ্রান্তি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩টি জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ব্যালট পেপার না থাকায় খুলনা পিটিআই ভোটকেন্দ্রে দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর বেলা একটার দিকে আবারো শুরু হয় বলে জানিয়েছেন ভোটার ও নির্বাচনী (পোলিং) এজেন্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

খুলনা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩টি জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ব্যালট পেপার না থাকায় খুলনা পিটিআই ভোটকেন্দ্রে দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর বেলা একটার দিকে আবারো শুরু হয় বলে জানিয়েছেন ভোটার ও নির্বাচনী (পোলিং) এজেন্টরা। সিটি করপোরেশনের এক নাম্বার ওয়ার্ডের মহেশ্বর পাশা এলাকার শহীদ জিয়া মহাবিদ্যালয়, ৩০ নাম্বার ওয়ার্ডে টুটপাড়া এলাকার কলিজিয়েট গার্লস স্কুল ও পল্লীমঙ্গল কেন্দ্রে একজন করে তিনজন ভোটার জাল ভোটের অভিযোগ করেন। শহীদ জিয়া মহাবিদ্যালয় কেন্দ্রের ভোটার ইরু বেগম বলেন, "ভোট দিতে এসে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে।" কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের পোলিং কর্মকর্তা শামীমা হক বলেন, "ইরু বেগম ভোট দিয়ে গেছেন। কিন্তু অসতর্কতাবশত হয়তো তার হাতে অমোচনীয় কালি লাগানো হয়নি।" কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রের ভোটার খায়রুল আলম জাল ভোটের অভিযোগ করে বলেন, "কেন্দ্রে ভোট দিতে গেলে আমাকে জানানো হয় আমি নাকি ভোট দিয়েছি।" এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, "এ ধরনের ঘটনা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে ছবিসহ ভোটার তালিকায় জাল ভোট দেওয়া কঠিন।" পোলিং অফিসার মুফতি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এটা কীভাবে হয়েছে তা আমরা বুঝতে পারিনি।" পোলিং এজেন্টরাও ঘটনা সত্য বলে জানান। তবে প্রিজাইডিং কর্মকর্তা এ নিয়ে তাদের কথা বলতে বাধা দিয়ে বলেন, "এটা সাজানো ঘটনা।" তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের পরিচয়পত্র 'বাতিল' করে দেবেন বলেও হুমকি দেন। ব্যালট পেপার না থাকায় খুলনা পিটিআই ভোটকেন্দ্রে ১১ টা থেকে প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এ ব্যাপারে নির্বাচনী এজেন্ট মো. তাহসিন বলেন, "ব্যালট পেপার না থাকায় পিটিআই ভোটকেন্দ্রে দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। ১ টার দিকে আবার ভোট নেওয়া শুরু হয়।" তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বদরুল আমিন ভোট গ্রহণ বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, "সকালে ভোটার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কিছুটা ঝামেলা ছিল। কিন্তু কখনোই ভোট গ্রহণ বন্ধ ছিল না।" এদিকে কাউন্সিলর প্রার্থী শামসুজ্জামানের নির্বাচনী এজেন্ট মো: মনিরুজ্জামানকে পুলিশের আঘাত করার বিষয়টি নিয়েও ওই কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনিরুজ্জামান বলেন, "মাকে নিয়ে যাবার জন্য ভোটকেন্দ্রের মহিলা গেটে অপেক্ষা করছিলাম। এ সময় পুলিশ সদস্যরা এসে সেখানে অবস্থানের কারণ জানতে চায়। মাকে নিতে আসার কথা বলার পর কার্ড দেখালে পুলিশের এক সদস্য প্রথমে আমাকে থাপ্পড় মারে। পরে অপর এক পুলিশ এসে নাকে আঘাত করে।" নির্বাচনী এজেন্টকে আঘাত করার বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা বলেন, "এটি গেটের বাইরের বিষয়। এ বিষয়ে আমি কিছু জানি না।" নির্বাচনী এজেন্ট মো: তাহসিন অভিযোগ করেন, তাদের কাছে যে ভোটার তালিকা রয়েছে তার সঙ্গে কেন্দ্রের ভেতরে থাকা তালিকার মিল নেই। সকালে ভোট গ্রহণের শুরুতে ভোটার আইডি নম্বর এবং ভোট প্রদানের নতুন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রের ভোটার এবং কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। শুরুর দিকে ভোট গ্রহণ খুব ধীর গতিতে চলেছে বলে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে সরকারি বি এল কলেজের পোলিং কর্মকর্তা মির্জা খাদেম বলেন, "নতুন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তির জন্যই মূলত সকালের দিকে ভোট প্রদানে ধীরগতি ছিল।" তিনি আরো বলেন, "অনেক ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে এসেছিলেন। কিন্তু তারা ভোটার রেজিস্ট্রেশন নম্বর আনেননি। আমরা তাদেরকে সে নম্বর আনতে বলেছি।" সকাল ১০টার দিকে আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে বেরিয়ে দুলারি বেগম বলেন, "আমি ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রের কর্মকর্তারা বলেছেন যে আইডি কার্ডই যথেষ্ট নয়। আমাকে সিরিয়াল নম্বর সংগ্রহ করতে বলা হয়েছে।" তিনি আরো বলেন, "আগে বাসায় এসে প্রার্থীর কর্মীরা সিরিয়াল নম্বর দিয়ে যেত।" মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটাররা মনে করেছেন যে ভোট দেওয়ার জন্য আইডি কার্ডই যথেষ্ট। বিষয়টি নিয়ে ঝামেলা হওয়ার কিছু না থাকলেও ঝামেলা হয়েছে।" এদিকে নির্বাচনী পর্যবেক্ষকরাও জানিয়েছেন যে ভোটার রেজিস্ট্রেশন নাম্বারের ঝামেলার কারণে সকালে ভোট গ্রহণে ধীরগতি ছিল। বেসরকারি সংস্থা ফেমা পর্যবেক্ষক অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, "সমস্যা হল যে ভোটাররা সিরিয়াল নম্বর নিয়ে আসছেন না। তাই তাদেরকে আবারো ফেরত যেতে হচ্ছে এবং নম্বর নিয়ে আসতে হচ্ছে।" খুলনা সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী কেন্দ্রগুলোর বাইরে প্রার্থীর কর্মীরা ক্যাম্প বসিয়েছিলেন। খুলনা সিটি কলেজ কেন্দ্রের বাইরে এক মেয়র প্রার্থীর কর্মীদের প্রচারাভিযান চালাতে দেখা যায়। সমর্থকরা ভোটারদেরকে সেখানে ভোটার রেজিস্ট্রেশন নম্বর দেন করছে। এ ব্যাপারে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক জুলহাস জানান, "আমরা ভুল কিছু করছি না। অনেক ভোটার রেজিস্ট্রেশন নম্বর আনতে ভুলে গেছে-এটি জানার পর থেকে আমরা তাদেরকে এ নম্বর পেতে সাহায্য করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/টিএইচ/১৬৩৬ঘ.