২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি মামলায় ৬ মাসের জামিন পেলেন নাসিম

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিমকে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিমকে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সিকদার মকবুল হক ও বিচারপতি মো. ফজলুর রহমানের বেঞ্চ নাসিমের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। একইসঙ্গে এ মামলায় নাসিমকে কেন স্থায়ী জামিন দেওয়া হবেনা আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে। জামিনের পর নাসিমের আইনজীবী ইনায়েতুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন দুর্নীতি মামলায় নাসিমের মেডিকেল রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। আইজি প্রিজন ও ল্যাব কর্তৃপক্ষ সেই রিপোর্ট এখনো আদালতে জমা দেয়নি। মঙ্গলবার ওই মামলায় নাসিমের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ওই মামলায় জামিন পেলে নাসিম কারামুক্ত হবেন।" তিনি শুনানিতে বলেন, "মামলাটি দায়েরের পর দুই বছর চলে গেছে। এখনও এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়নি। এ মামলায় নাসিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তাছাড়া নাসিম গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসা না করা হলে তার জীবন সংকটাপন্ন হতে পারে। তাই তার জামিন প্রয়োজন।" সরকারের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইকবাল কবির জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, "আবেদনটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নেয়া প্রয়োজন।" ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবদুর রউফ নাসিমসহ ১৪ দল নেতাকর্মীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও কর্মসূচীতে ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। জরুরি ক্ষমতা বিধিমালায় ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি নাসিমকে গ্রেপ্তার করা হয়। এরপর এ মামলায় তাকে ২৮ ফেব্র"য়ারি গ্রেপ্তার দেখানো হয়। গতবছর ৮ অক্টোবর সংসদ ভবনের বিশেষ আদালত অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এ মামলায় নাসিমের জামিন আবেদনের ওপর মঙ্গলবার হাইকোর্টে শুনানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৭৩২ঘ.