ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
আইন সচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক)চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ একটি রিটের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এ আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে ওই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম।
শুনানিতে রিটকারীর পক্ষে বলা হয়, 'তত্ত্বাবধায়ক সরকারের সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি প্রয়োজন ও নির্বাচনসংক্রান্ত ছাড়া অন্য কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ এসব বিষয়ের মধ্যে পড়ে না। তাই এটি জারি রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত।'
তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শে কাজ করতে পারেন না মন্তব্য করে শুনানিতে আরও বলা হয়, অধ্যাদেশটি জারির জন্য প্রধান উপদেষ্টা বা সরকার যদি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন তাহলে সে পরামর্শও অবৈধ। রাষ্ট্রপতি সেই পরামর্শে কাজ করলে তাও সংবিধান পরিপন্থী।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছর ১৮ এপ্রিল দুর্নীতি আইন সংশোধন করে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ জারি করেন।
অধ্যাদেশের ২১ ধারা অনুযায়ী মামলা দায়েরের আগেই কমিশনের কর্মকর্তারা গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছেন।
এছাড়া, ২৮ ধারায় দুর্নীতি দমন কমিশন আইনের অধীনের অপরাধগুলো জামিন অযোগ্য করা হয়েছে।
রিটে এ বিধান দু'টিকে মানুষের অধিকার হরণকারী ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে অধ্যাদেশটি বাতিল ঘোষণার দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৫৪৪ঘ.
bdnews24