২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনও'র বিরুদ্ধে মামলা

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদের বিরুদ্ধে অবৈধভাবে ঘরে প্রবেশ, শ্লীলতাহানি, মারধর ও লুটপাটের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চাঁপাইনবাবগঞ্জ, আগষ্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদের বিরুদ্ধে অবৈধভাবে ঘরে প্রবেশ, শ্লীলতাহানি, মারধর ও লুটপাটের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা হয়েছে। রোববার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে এ মামলাটি করেছেন ভোলাহাটের তেলিপাড়া গ্রামের মোসলেম উদ্দিন (৭৪)। হাকিম মোস্তফা কামাল মামলাটি গ্রহণ করে অপর বিচার বিভাগীয় হাকিম তৈয়ব আলীকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় আবুল কালাম আজাদ ছাড়াও মুনির (৪২) নামে অপর একজনকে আসামি করা হয়েছে। মুনির ভোলাহাটের তাঁতিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জুলাই ভোলাহাটের চরধরমপুর গ্রামের একটি আম বাগানে আম পাড়াকে কেন্দ্র করে দু'দল ব্যবসায়ীর মধ্যে বিরোধ হয়। এ বিরোধের জের ধরে ইউএনও আবুল কালাম আজাদ স্থানীয় আম ফাউন্ডেশন বাজারে এসে ব্যবসায়ীদের গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। উপস্থিত ব্যবসায়ীরা ইউএনও'র এ আচরণের প্রতিবাদ করলে তিনি পুলিশ ডেকে আনেন। শতশত লোকের সামনে পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে ব্যবসায়ীদের গুলি করার হুমকি দেন তিনি। এরপর ইউএনও ও তার কার্যালয়ের ৫/৬ জন কর্মচারি এবং মামালার অপর আসামি মুনির বাদীর মেয়ে জামাই ওয়াজেদ আলীর বাড়িতে ঢোকেন এবং তাকে গুলি করার হুমকি দেন। ওয়াজেদের স্ত্রী সালমা বেগম বাধা দিলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া। বাড়িতে ওয়াজেদকে না পেয়ে আসামি মুনিরের সহায়তায় ইউএনও ঘরে থাকা স্টিল আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ লাখ ১৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট এবং ঘরবাড়ি তছনছ করেন। মামলার ব্যাপারে জানতে চাইলে ইউএনও আবুল কালাম আজাদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা আমি জানি না। কয়েক দিন আগে আম ফাউন্ডেশনে কয়েকজন ব্যক্তি আমাকে লাঞ্ছিত করলে আমি তাদের বিরুদ্ধে ভোলাহাট থানায় অভিযোগ করেছি। এ কারণে কেউ আমার বিরুদ্ধে মামলা করে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৫ ঘ.