২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৩১ আগস্ট

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩১ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩১ আগস্ট। রোববার শুনানির ধার্য দিনে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. কে এম রাশেদুজ্জামান রাজা শুনানির তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন আর কোনও সময় দেওয়া হবে না বলেও আদালত জানিয়েছে। সময়ের আবেদন করে আদালতে আসামী আব্দুস সালাম পিন্টুর আইনজীবী মোহাম্মদ আলী বলেন, "এ মামলার অভিযোগপত্র, জব্দতালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপির জন্য আবেদন করা সত্ত্বেও কর্তৃপক্ষ তা সরবরাহ করেনি। এ জন্য এ মামলার শুনানির জন্য আমরা প্রস্তুন নই।" মামলার অপর আসামি হোসাইন আহমেদ তামিম, আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর আলমের আইনজীবীরাও একই কথা বলেন। আসামীপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী আদালতকে অনুরোধ করে বলেন, "আদালত যেন এমন একটি সময় ধার্য করেন, যাতে পরবর্তীতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কাছে আর সময় না চাইতে পারে।" এরপর বিচারক অভিযোগ গঠনের জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন। এদিন মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী পিন্টু, মওলানা আবু তাহের, মাওলানা আবু সাইদ, আরিফ হাসান সুমন, আবুল কালাম আজাদ এবং জাহাঙ্গীর আলমের পক্ষে জামিন আবেদন করা হলে আগামী ৩১ আগস্ট এ বিষয়ে শুনানির দিনও ধার্য করে আদালত। আবদুস সালাম পিন্টু, হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটক ১৩ আসামিকেই রোববার আদালতে হাজির করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েকশ জন আহত হন। হামলার পরদিন মতিঝিল থানার তখনকার উপ-পরিদর্শক শরিফ আহমেদ একটি মামলা করেন। এর তদন্তের দায়িত্ব প্রথমে দেওয়া হয় মতিঝিল থানার উপ-পরিদর্শক আমির হোসেনকে। পরে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামসুল ইসলামকে। এরপর তদন্তের দায়িত্ব পান সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ ও মুন্সি আতিকুর রহমান। বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন মামলাটি তদারক করেন। সর্বশেষ ২০০৭ সালের ২২ আগস্ট এ মামলার তদন্তভার দেওয়া হয় ফজলুল কবীরকে। ফজলুল কবীর তদন্তের দায়িত্ব নেওয়ার আগে ২০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং ১৬৪ ধারায় তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল। কিন্তু ফজলুল কবীরের তদন্তে হামলায় ওই ২০ জনের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। হামলার কিছুদিন পর জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়, সুব্রত বাইন প্রমুখ গ্রেনেড হামলার মূল হোতা। তখন বিষয়টি সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'সাজানো' বলে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরবর্তী সময়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর গ্রেনেড হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। এর প্রেক্ষাপটে নতুন করে মামলার তদন্ত শুরু হয়। গত ১১ জুন তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর এ মামলার অভিযোগপত্র দাখিল করার পর মামলাটি আদালতে ওঠে। তদন্ত কর্মকর্তা হত্যা ও বিস্ফোরক ব্যবহারের ঘটনায় আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৪০২ ঘ.