ঝিনাইদহ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় রোববার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
নিহতের নাম সাচ্চু মোল্যা (৩৮)। শৈলকূপার নাগপাড়া গ্রামের সাচ্চু বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।
সাচ্চুকে শনিবার রাতে শৈলকুপা-লাঙ্গলবাধ সড়কের হরিহরা নওপাড়া সেতুর ওপর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক আতাউর রহমান সাংবাদিকদের জানান, ভোররাতে খুলুমবাড়ী গ্রামে গড়াই নদীর ধারে একটি কলাবাগানে পৌঁছালে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে । তখন পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাচ্চু।
ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, একটি রিভলবার ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ কর্মকর্তা আতাউর জানান, সাচ্চুর বিরুদ্ধে তিনটি হত্যা, একটি ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪১ ঘ.
bdnews24