বরিশাল, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার অনুষ্ঠেয় সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে রোববার সকালে বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, পেপারসহ নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়।
দুপুর একটা নাগাদ এগুলো বিতরণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন রিটার্নিং অফিসার মো: মনিরুল ইসলাম।
সোমবার বরিশালসহ চার সিটি ও নয় পৌরসভায় ভোটগ্র্রহণ অনুষ্ঠিত হবে।
৯১টি কেন্দ্রে মোট ৪৭১টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মো: মনিরুল ইসলাম বলেন, "আমরা নির্বাচনী উপকরণ বিতরণ শুরু করেছি। আশা করছি দুপুর একটা নাগাদ এ কার্যক্রম শেষ হবে।"
নির্বাচনে ভোট গ্রহণের জন্য শতকরা ১০০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে বলে তিনি জানান।
বরিশালে মেয়র পদে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৩০টি সাধারণ ওয়ার্ডে ১৪৫জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার বরিশাল সিটিতে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৯৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/এসকে/১৩১৮ঘ>
bdnews24