ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টদের মামলা করার ক্ষমতা সীমিত করে একটি নতুন নীতিমালা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ।
শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে 'ট্রাফিক হয়রানি বন্ধ ও প্রশিক্ষণ কর্মসূচি ২০০৮' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, এখন থেকে ট্রাফিক সার্জেন্টরা আর যত্রতত্র গাড়ি থামিয়ে মামলা করতে পারবেন না। এ জন্য ট্রাফিক পুলিশের আলাদা একটি দল গঠন করা হচ্ছে। এই দলের সদস্যরা নির্দিষ্ট স্থানে গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে মামলা করা হবে কি না তা ঠিক করবেন।
এই নীতিমালা কার্যকর হলে ট্রাফিক পুলিশের সদস্যরা প্রথমবারের মতো সাপ্তাহিক ছুটিও পাবেন।
কমিশনার বলেন, "এখন থেকে ট্রাফিক সদস্যরা তিন পালায় দায়িত্ব পালন করবেন। সপ্তাহে একদিন করে 'ডে-অফ' কার্যকর করা হবে। এছাড়া ট্রাফিক বিভাগে সহকারী উপপরিদর্শক হিসেবে যারা ৬ বছর, হেড কনস্টেবল হিসেবে ৪ বছর কিংবা কনস্টেবল হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করেছেন, তাদের অন্য বিভাগে বদলি করা হবে।"
পাশাপাশি সার্জেন্টদের মাসিক কর্মমূল্যায়ন প্রতিবেদন ব্যবস্থা চালু করা হবে বলে নাইম আহমেদ জানান।
মহানগর ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার জসিমউদ্দিন বলেন, "নতুন নীতিমালা অনুসরণ করেই সব কিছু করা হবে। এর ফলে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ সহজ হবে। তবে সাধারণ মানুষকেও আইন মেনে চলতে হবে।"
অনুষ্ঠানে জানানো হয়, ট্রাফিক হয়রানি সম্পর্কে ডিএমপির ট্রাফিক কর্মকর্তাদের সম্যক ধারণা দেয়া এবং হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য।
ডিএমপির সব জোনের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক বিভাগের সার্জেন্টসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/জেকে/এসকে/২২৫৬ঘ.
bdnews24