ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'ওয়ান ইলেভেন' পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ২৫১ সদস্যের কমিটি গঠনের দিনই ভাঙনের মুখে পড়েছে।
দলের তিনজন নেতা শনিবার এক বিবৃতিতে চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশীকে ব্যর্থতা ও চাঁদাবাজির মতো অন্যায়ের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত তাকে দলের সব দায়িত্ব থেকে 'অব্যাহতি' দেওয়ার কথা ঘোষণা করেছেন।
কোরেশীর নেতৃত্বে অনাস্থা প্রকাশকারী ওই তিন নেতা হচ্ছেন স্থায়ী কমিটির দুই সদস্য অবসরপ্রাপ্ত লে. কর্ণেল এইচ এম এ গাফ্ফার ও সহ সভাপতি দেওয়ান নুরন্নবী এবং দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী।
শনিবার রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে তারা বলেন,'' আমরা পিডিপি'র মতো সম্ভাবনাময় রাজনৈতিক দলকে ব্যর্থ নেতৃত্ব, দখলদার আর চাঁদাবাজদের হাতে দিতে পারি না। আমরা ফেরদৌস আহমেদ কোরেশীকে দলের সকল দায়িত্ব থেকে অব্যহতি দিলাম।''
বিবৃতিতে এ তিন নেতার সমন্বয়ে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়।
ফেরদৌস আহমেদ কোরেশীকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
তবে পিডিপি'র মহাসচিব নুর মোহাম্মদ খান দলীয় প্রধানকে অব্যাহতি প্রদানের এখতিয়ার ওই তিন নেতার নেই মন্তব্য করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' এটা গঠনতন্ত্র বিরোধী। সারাদেশের প্রতিনিধিদের ভোটে কোরেশী সাহেব দলের চেয়ারম্যান হয়েছেন।''
তিনি অভিযোগ করেন, ওই নেতারা মহাজোটে যাবেন বলে তারা পিডিবিতে থাকতে চান না। তিন নেতা '১/১১ এর চেতনা' থেকে দুরে সরে গেছেন বলেও তিনি মন্তব্য করেন।
তাজুল ইসলাম চৌধুরী শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতিতে সাফল্য অর্জনের যে যোগ্যতা ও ক্যারিশমা থাকা প্রয়োজন, তা কোরেশী সাহেবের নেই। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি।''
সংবাদ বিজ্ঞপ্তিতে ফেরদৌস আহমেদ কোরেশীর বিরুদ্ধে চাঁদাবাজি ও সেগুনবাগিচায় অফিস দখল করে 'অভিনব কায়দায়' চাঁদা আদায়ের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। স
bdnews24