২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরির্বতনের এ বাস্তবতা ধরে রাখতে হবে: বাণিজ্য উপদেষ্টা

বর্তমান সরকার দেশে যে পরিবর্তনের বাস্তবতা তৈরি করেছে তা ধরে রাখার ব্যাপারে জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকার দেশে যে পরিবর্তনের বাস্তবতা তৈরি করেছে তা ধরে রাখার ব্যাপারে জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "সরকার দেশে পরিবর্তনের যে বাস্তবতা তৈরি করেছে তা ধরে রাখতে হবে। এ জন্য দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন।" শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বাংলাদেশ নিট ওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর চট্টগ্রাম কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত 'গ্লোবাল কমপ্লায়েন্স রিক্রুটমেন্ট' শীর্ষক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, "রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের থামিয়ে রাখতে পারেনি। শত অনিশ্চয়তা সত্ত্বেও এদেশে উদ্যোক্তা শ্রেণী দাঁড়িয়ে গেছে। এখন দায়িত্বশীল রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হলে আমাদের অগ্রগতি থামানো যাবে না।" হোসেন জিল্লুর বলেন, "রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা গেলে বাংলাদেশ খুব বেশি দিন আর স্বল্পোন্নত দেশের তালিকায় থাকবে না। কারও দয়া-দাক্ষিণ্যে নয়, নিজেদের যোগ্যতায় বাংলাদেশ এ অবস্থায় আসতে পেরেছে।" পণ্যমূল্য নিয়ন্ত্রণে রমজান মাস থেকে খোলাবাজারে প্রতিমাসে এক লাখ মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে বলে তিনি জানান। ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য সরবরাহে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএসহ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহবান জানান উপদেষ্টা। তিনি বলেন, "রমজান সামনে রেখে এই উদ্যোগে প্রয়োজনে আনসার বাহিনীকে কাজে লাগানো যেতে পারে।" সেমিনারে বণিক সমিতিগুলোর ফেডারেশন- এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "এখন কমপ্লায়েন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। কারখানা চালু রাখার জন্য অবশ্যই শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে। প্রতিযোগিতা থেকে থেকে চীন এখন অনেক পিছিয়ে পড়েছে। এটা আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। সরকারি কোন প্রতিবন্ধকতা যাতে না থাকে সেটাই ব্যবসায়ীদের প্রত্যাশা।" ব্যবসার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন মাশুল এখনও যৌক্তিক পর্যায়ে আসেনি বলে তিনি দাবি করেন। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে তা নিরসনে আনিসুল হক সরকারের হস্তক্ষেপ কামনা করেন। রাজনীতি যাতে প্রস্তাবিত কয়লা নীতিকে প্রভাবিত না করে সে ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকার জন্যও আহবান জানান তিনি। বিকেএমইএ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি মাহবুব আলম, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ'র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস, বিজিএমইএ'র পরিচালক আবদুল মান্নান রানা, নাসিরুদ্দিন চৌধুরী, চট্টগ্রামে বিকেএমইএ'র দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত ওসমান প্রমুখ। আলোচনা শেষে উপদেষ্টা চট্টগ্রাম চেস্বার ভবনের পঞ্চম তলায় বিকেএমইএ'র চট্টগ্রাম কার্যালয়ের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫১ঘ.