২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরে বার্থ শিপ অপারেটিং পদ্ধতি চালু

পণ্য ওঠানামার কাজে খরচ কমানোর লক্ষ্যে মংলা বন্দরে শুক্রবার থেকে 'বার্থ শিপ অপারেটিং সিস্টেম' চালু করা হয়েছে। এতে পণ্য ওঠানামায় খরচ ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 06:41 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

বাগেরহাট, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পণ্য ওঠানামার কাজে খরচ কমানোর লক্ষ্যে মংলা বন্দরে শুক্রবার থেকে 'বার্থ শিপ অপারেটিং সিস্টেম' চালু করা হয়েছে। এতে পণ্য ওঠানামায় খরচ ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নতুন পদ্ধতিতে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্বশাসিত সংস্থা মংলা ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিষয়টি নিয়ন্ত্রণ করতো। এদিকে শ্রমিক অসন্তাষ এড়াতে বন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ শ্রম অধ্যাদেশ (সংশোধিত) ২০০৮ এর মাধ্যমে সরকার মংলা ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করার পর শুক্রবার থেকে এ পদ্ধতি চালু হলো। মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) এম মাহবুব উল্লাহ বলেন, "এ পদ্ধতিতে বন্দরের কাজে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ না দেওয়া এবং 'বখশিশ প্রথা' বাতিলের মাধ্যমে খরচ কমানো হবে।" গত ২১ জুলাই বন্দর ভবনে মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথবাহিনী, শ্রমিক নেতা ও শ্রমিক নিয়োগকারী স্টিভিডরিং সংস্থাগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ প্রথা কার্যকর হওয়ার আগে বন্দরে পণ্য ওঠা-নামায় শ্রমিকদের নিয়মিত মজুরির বাইরে টনপ্রতি ৬০ টাকা হারে বখশিশ দিতে হতো বলে জানান তিনি। এম মাহবুব উল্লাহ জানান, এই পদ্ধতি চালু করায় শুক্রবার থেকে ডক ব্যবস্থাপনা বোর্ডের তালিকাভুক্ত প্রায় চার হাজার শ্রমিকের নিয়োগ বাতিল হয়ে গেল। তবে স্টিভিডোর মালিকরা বর্তমান শ্রমিকদের মধ্যন থেকেই নতুন নিয়োগ দেবে বলে জানান তিনি। বন্দর পরিচালক মাহাবুব উল্লাহ জানান, বর্তমানে ডক শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় চার হাজার। এদের মধ্যে ৯০০ জনের বয়স ৫৫-এর বেশি। নতুন ব্যবস্থায় ৫৫ বছরের বেশি বয়সী কোনো শ্রমিক বন্দরে কাজ করার সুযোগ পবে না। সেক্ষেত্রে ওই ৯০০ জন ভবিষ্যতে কাজ করার সুযোগ পাবেন না। তিনি আরও জানান, আগামী ৪ আগস্ট বন্দরে জাহাজ আসবে। তখনই নতুন এই পদ্ধতির প্রথম প্রয়োগ ঘটবে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, শ্রমিক অসন্তোষ এড়াতে বন্দর ও মংলা পৌরসভা এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০২৫ ঘ.