২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের রাজনীতিতে গুণগত মানের অভাব ছিল: হোসেন জিল্লুর

বাংলাদেশের রাজনীতি প্রতিযোগিতার মধ্য দিয়ে গেলেও তাতে গুণগত মানের অভাব ছিল বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রাজনীতি প্রতিযোগিতার মধ্য দিয়ে গেলেও তাতে গুণগত মানের অভাব ছিল বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শুক্রবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ সমাজ বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অতীতে আমরা প্রতিযোগিতামূলক রাজনীতির মধ্য দিয়ে গেছি। কিন্তু তাতে গুণগত মানের অভাব ছিল। আমাদের এখন মান বাড়ানোর চেষ্টা করতে হবে।" সমাজ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, "সমাজ বিজ্ঞান আমাদের পিছিয়ে পড়ার দিকে যতটা নজর দিচ্ছে, এগুনোর দিকে ততোটা দিচ্ছে না।" অর্থনীতিতে বাংলাদেশ এ যাবতকালে দারুণ অগ্রগতি অর্জন করেছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, "৭০ দশকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের প্রবৃদ্ধি ছিল ১ থেকে ২ শতাংশ। ৮০'র দশকে তা হয় ৩ থেকে ৪ শতাংশ। ৯০ এর দশকে তা ৫ শতাংশশে পৌঁছায়।" তিনি বলেন, "আমাদের আকাক্সক্ষার বিপ্লব ঘটে গেছে। পাঁচ শতাংশ প্রবৃদ্ধিতে আমরা তৃপ্ত নই। এখন আমাদের অগ্রগতির জন্য সচেতন উদ্যোগ নিতে হবে।" সমাজ বিজ্ঞান সমিতির সভাপতি এফ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে 'মার্শাল ল, রুল অব ল এন্ড লেজিটিম্যাসি' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এ এম সাদউদ্দিন। তিনি বলেন, "সেনা হস্তক্ষেপ সবসময় শুরুতেই সামরিক শাসনের দিকে নিয়ে যায় না। বেশিরভাগক্ষেত্রে কিছু বেসামরিক লোকের সহায়তায় সেনাবাহিনী ক্ষমতা নেয় এবং সংবিধান স্থগিতের মতো পদক্ষেপ নেয়। সাধারণত এরপরপরই সামরিক শাসন জারি হয়।" সামরিক শাসন আইনের শাসনের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে দেশের সব বিশ্ববিদ্যালয় ও সোসাইটিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের মান কমে যাচ্ছে এ কথা ঠিক নয়। আজকের ছাত্ররা পোটেনশিয়ালিটির দিক দিয়ে যতোটা ধারণ করতে পারে, আমাদের সময়ের ছাত্ররা অতোটা পারতো না।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান এস আমিনুল ইসলাম বলেন, "বাংলাদেশে সমাজ বিজ্ঞান নানাভাবে সঙ্কুচিত। পেশাগত ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল, ততোটা পায়নি। আশা করি, পরবর্তীতে এ অবস্থার পরিবর্তন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/২২২০ ঘ.