ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপকে যুক্তরাজ্য সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় সরকার সরকারমন্ত্রী হ্যাজেল ব্লেয়ার্স।
শুক্রবার ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্সের বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে হ্যাজেল ব্লেয়ার্স বলেন, "অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এমনটি করা প্রয়োজন (পর্যায়ক্রমে জরুরি অবস্থা অপসারণ) হতে পারে।"
হ্যাজেল গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ওইদিনই তিনি দুদিনের সফরে বাংলাদেশে আসেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রসঙ্গে হ্যাজেল ব্লেয়ার্স বলেন, "স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার মাধ্যমে সাধারণ মানুষের জন্য কীভাবে এর দায়বদ্ধতা আরো বাড়ানো যায় তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে হ্যাজেল জানান, এ বছরের শেষ নাগাদ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি পূরণের ব্যাপরে সরকারকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে তার। "নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের যথেষ্ট স্বদিচ্ছা রয়েছে।"
তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, "এটা সরকারের বিষয়। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে তা তারাই ঠিক করবে।"
বাংলাদেশে মানবাধিকার রক্ষার ব্যাপারে আইনি ব্যবস্থার নিরপেক্ষতার ওপর জোর দেন তিনি। বিষয়টি মানবাধিকার কমিশনের দেখা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, "এ ব্যাপরে ব্রিটিশ সরকারও পূর্ণ সমর্থন জানাবে।"
এছাড়া ব্লেয়ার্সের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, বর্তমান সময়ে অর্জিত ইতিবাচক সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্য আগামী নির্বাচিত সরকারকে আহ্বান জানায় যুক্তরাজ্য সরকার। গণতন্ত্রই পারে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে। আর টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান দরকার। কারণ ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু কাঠামো ও প্রতিষ্ঠান থেকে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২১৩৭ ঘ.
bdnews24