ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সংশয় কাটিয়ে ভারতের লোকসভার সদস্য এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী শুক্রবার বিকালে ঢাকা পৌঁছেছেন।
কড়া নিরাপত্তার মধ্যে গান্ধী পরিবারের এই সদস্যকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসসহ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভারতীয় দূতাবাসের উপ হাইকমিশনার মুক্তা দি টমারসহ কর্মকতারা।
পাঁচ দিনের এই ব্যক্তিগত সফরে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কয়েকটি প্রকল্প ঘুরে দেখবেন তিনি।
রাহুল গান্ধীর সফর নিয়ে সরকার ও ভারতীয় হাইকমিশন ব্যাপক গোপনীয়তা পালন করে।
একাধিক পত্রপত্রিকাসহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাহুলের সফর পেছানো হয়েছে বলে খবর প্রকাশ করে।
রাহুল গান্ধীর আগমন ঘিরে জিয়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বিমানবন্দর অভিবাসন বিভাগের কর্মকর্তা নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টা ২৮ মিনিটে ভারতীয় জেট এয়ারওয়েজের একটি বিমানে রাহুল গান্ধী ঢাকা নামেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে র্যাব, পুলিশ, আমর্ড পুলিশ, ডগ স্কোয়াড ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দুপুর আড়াইটা থেকেই অবস্থান নেয়। ভিআইপি লাউঞ্জের প্রবেশমুখে সাধারণ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। র্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে।
বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাহুল গান্ধী একটি মার্সিডিজ গাড়িতে চড়ে ভিআইপি লাউঞ্জ ত্যাগ করেন। তার গাড়িবহর ঘিরেও ছিল কড়া নিরাপত্তা। বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রাহুলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্র"প (এসপিজি) এর একটি দলও গত বুধবার ঢাকায় আসে।
বিমানবন্দরে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন ও সিনিয়র গণযোগাযোগ কর্মকর্তা পুষ্পিতা আলম।
ব্র্যাক কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী রাতে মহাখালী 'ব্র্যাক ইন' এ রাত যাপন করবেন।
রাহুল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও বর্তমানে ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর এক মাত্র ছেলে। বোন প্রিয়াঙ্কা গান্ধীও রাহুলের সঙ্গে বাংলাদেশ সফরে আসবেন বলে প্রাথমিকভাবে খবর প্রকাশ হয়েছিল।
পাঁচ দিনের সফরে রাহুল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের কয়েকটি প্রকল্প ঘুরে দেখবেন।
শনিবার গাজীপুরে ব্র্যাক পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও রোববার মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন তার সফরসূচিতে রয়েছে।
সোমবার সকালে রাহুল গান্ধী রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয় পরিদর্শন করবেন।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুল সে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে জেড-প্লাস পেয়ে থাকেন। রাহুলের বাবা রাজীব ও দাদি ইন্দিরা দুই জনেই রাজনৈতিক হত্যাকাণ্ডের স্বীকার। তার চাচা সঞ্জয় গান্ধীও রহস্যময় এক বিমান দুর্ঘটনায় মারা যান। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন ইন্দিরা গান্ধীর বাবা।
রাহুলের জন্ম ১৯৭০ সালের জুন মাসে নতুন দিল্লিতে। প্রথম জীবনে দিল্লিতে পড়াশোনার পর ভর্তি হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বাবা রাজীব গান্ধী নিহত হওয়ার পর নিরাপত্তা জনিত কারণে সেখানে পাঠ না চুকিয়েই ফ্লোরিডার রলিনস কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক ডিগ্রি নেন।
২০০৪ সালের মার্চে পূর্বসূরিদের পথ ধরে রাজনীতিতে নামেন রাহুল গান্ধী; পারিবারিক নির্বাচনী আসন উত্তর প্রদেশের আমেথি থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৭ সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক মনোনীত হন রাহুল। এর পাশাপাশি দলের যুব সংগঠন 'যুব কংগ্রেস' এবং ছাত্র সংগঠন 'ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া'র তদারকির দায়িত্বেও আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিসি/এসএম/এমআই/জিএনএ/১৭১৫ ঘ.
bdnews24