২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী কবরস্থানে বিচারপতি নাইমুদ্দীন আহমেদকে দাফন

হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমুদ্দীন আহমেদকে বৃহস্পতিবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদ ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দু'দফায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমুদ্দীন আহমেদকে বৃহস্পতিবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদ ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দু'দফায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত বিচারপতি নাইমুদ্দীন বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনসহ হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি, আইনজীবী, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, নির্বাচন কমিশনার ছহুল হোসেন, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহেমদ, সাবেক সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম অংশ নেন। এর আগে বেলা ১২টার দিকে কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা শেষে বেলা সোয়া ১টায় বিচারপতি নাইমুদ্দীনের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে বেলা ৩টার দিকে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। বিচারপতি নাইমুদ্দীন ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের পর হাইকোর্টের বিচারপতি নিয়োগ পান। ১৯৯১ সালে শাহাবুদ্দিন আহমদের সরকারের সময় তিনি নির্বাচন কমিশনার ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২১৭ ঘ.