ঢাকা, জুলাই, ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলে জারি হওয়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ও বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ তিনটি অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়েছে।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ এবং এ দুটি অধ্যাদেশের আলোকে প্রণিত বিধিমালা ও স্থানীয় নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণার দাবিতে রিটটি করেন বরিশালের কবির আহমেদ।
তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধ্যাদেশ দুটি, এ সংক্রান্ত বিধিমালা ও স্থানীয় নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না- আগামী ৩ সপ্তাহের মধ্যে সরকার ও নির্বাচন কমিশনকে তার কারণ জানাতে বলেছে।
রিটকারীর পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আদালতকে বলেন, সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ধরনের নীতিগত বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। তাছাড়া সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন কেবল জাতীয় সংসদ নির্বাচন করতে পারে, স্থানীয় সরকার নির্বাচন নয়।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব বলেন, বিশেষ পরিস্থিতির কারণে বর্তমান সরকার প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করছে। তাই এ সরকারকে স্থানীয় সরকার নির্বাচনসহ অনেক কাজই করতে হচ্ছে।
বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন এ কে এম সাহাবুদ্দিনসহ মংলা বন্দরের তিন ডক শ্রমিক।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ অধ্যাদেশটি, মংলা বন্দর ডক শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ স্কিম এবং এর অধীনে শ্রমিক বুকিং দেয়া বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারকে আগামী ২ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে।
এই রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট জয় রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১৫২ ঘ.
bdnews24