ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বাতিল করেছে হাইকোর্ট।
আদালতের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেছেন, এর ফলে আসন্ন সিটি ও পৌর নির্বাচন 'নির্দলীয়' করা সম্ভব হচ্ছে না। তবে আগামীতে এ ধরনের নির্বাচন নির্দলীয় করতে নতুন উদ্যোগ নেওয়া হবে।
ইসি প্রণীত সিটি ও পৌর নির্বাচনের আচরণ বিধিমালার ৩ নম্বর বিধিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ের এসব নির্বাচন দলভিত্তিক হবে না এবং নির্বাচনী প্রচারণায় কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক ব্যবহার করা যাবে না।
আদালত বিধিটিকে এখতিয়ার বহির্ভূত মন্তব্য করে বাতিল করে দিয়েছে।
জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ এ রায় দেয়।
চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া সিটি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল।
নির্বাচন কমিশন গত ২০ জুন চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৪ আগস্ট এসব স্থানে ভোট হওয়ার কথা।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত অধ্যাদেশের বাইরে গিয়ে ইসি নির্দলীয় নির্বাচনের আচরণ বিধিমালার ৩ নম্বর বিধিটি প্রণয়ন করেছে। এটি অধ্যাদেশ পরিপন্থী ও অবৈধ। এ কারণে বিধিটি বাতিল করা হল।
রায়ে বলা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) অধ্যাদেশের কোথাও বলা হয়নি নির্বাচন করতে হলে রাজনীতি পরিহার করতে হবে। তবে নির্বাচিত হলে রাজনৈতিক পদ পরিত্যাগের কথা বলা হয়েছে। অধ্যাদেশে কোনো নির্বাচন রাজনৈতিক দলভিত্তিক হবে না- এমন বলা হয়নি। তাই ৩ বিধিটি অধ্যাদেশকে ডিঙিয়ে করা হয়েছে।"
৩ নং বিধিতে সিটি ও পৌরসভা নির্বাচন রাজনীতি বর্জিত ঘোষণা করা হয়েছে জানিয়ে আদালত বলেছে, 'এটি নীতিগত সিদ্ধান্তের মধ্যে পরে। এ সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিতে পারে না। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সম্পন্ন করা। কোন নির্বাচনের চারিত্রিক বৈশিষ্ট কী হবে তা নিরূপনের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি।'
রায়ে বলা হয়েছে, এখতিয়ার বহির্ভূত কোনো আইন চ্যালেঞ্জ না করলেও তা অবৈধ হবে।
একুশে টেলিভিশন মামলা নিয়ে আপিল বিভাগের রায়ের উল্লেখ করে আদালত বলেছে, 'আইন বা সংবিধান বহির্ভূত যে কোনো বিষয় নিয়ে যে কোনো নাগরিক বৈধতার প্রশ্ন তুলতে পারে। আদালতও সংবিধান অনুযায়ী তা বিবেচনা করতে বাধ্য।'
শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক বলেন, "দেশে বর্তমানে জরুরি অবস্থা চলছে। রাজনৈতিক দলগুলোর এমনিতেই কোনো কার্যক্রম নেই। তাই স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি।"
রায়ের পর ড. শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া নির্বাচন অবৈধ ঘোষণার দাবিতে রিটটি করা হয়েছিল। কিন্তু আদালতে প্রমাণিত হয়েছে ওইসব এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে। তাই চার সিটি ও নয় পৌর নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।"
তিনি আরো বলেন, "নির্বাচন দলভিত্তিক হবে না বলে যে বিধান ছিল সেটি কেবল বাতিল করেছে হাইকোর্ট। তাই ৪ আগস্ট নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।"
রিটকারীর পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, "নির্বাচন কমিশনের বিধি প্রণয়নের কোনো ক্ষমতা নেই। কমিশন বার বার দেশের আইন ভঙ্গ করছে।"
রিটকারী জসিমউদ্দিন সরকার বলেন, "হাইকোর্টের রায়ে আইনের শাসনের বিজয় হয়েছে। তবে আমি চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণার দাবিতে রিটটি করেছিলাম। আমার আংশিক বিজয় হয়েছে। আমি রায়ের বিরুদ্ধে আপিল করব।"
গত ১৪ মে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশের ক্ষমতাবলে নির্বাচন কমিশন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের আচরণবিধি প্রণয়ন করে।
রায়ে আদালত বলেছে, নির্বাচন কমিশন যেসব কাগজপত্র দিয়েছে তাতে প্রতীয়মান হয় যে, তফসিল ঘোষণার আগে সংশ্লিষ্ট এলাকায় ভোটার তালিকা করা হয়েছে। তাই রিটকারীর যুক্তির সারবত্তা নেই।
সামনে অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করবে ইসি:
স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় অনুসরণ করা হবে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।
তবে আগামীতে এ ধরনের নির্বাচন নির্দলীয় করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নিজ কার্যালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ''আমরা আদালতের রায় অনুসরণ করব। এখন আইনে যা আছে, সেভাবে কাজ করতে হবে।''
রায়ের বিরুদ্ধে আপিলের চিন্তাভাবনা করা হয়নি জানিয়ে তিনি বলেন, ''সময় তো খুব অল্প। এ বিষয়ে আমরা এখনো বসিনি। এখন যা আছে, তা দিয়ে কাজ করতে হবে।''
শামসুল হুদা বলেন, ''হাইকোর্টের রায়ের পর মনে হচ্ছে না, এবার নির্দলীয় নির্বাচন সম্ভব হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় মূল আইনে (স্থানীয় সরকার অধ্যাদেশ) এ বিষয়টি না রাখায় বিধিমালাতেও তা রাখা যাচ্ছে না। তবে আগামী স্থানীয় নির্বাচনে (উপজেলা ও অন্যান্য) প্রয়োজনীয় সংশোধন করতে পারব। এজন্যে মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১২৬ ঘ.
bdnews24