২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতার ধারা চ্যালেঞ্জ করে রিটের শুনানি ৭ আগস্ট

জরুরি ক্ষমতা আইনের কয়েকটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আগামী ৭ আগস্ট হাইকোর্টে চূড়ান্ত শুনানি হবে। বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও মো. আবু তারিকের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই, ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনের কয়েকটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আগামী ৭ আগস্ট হাইকোর্টে চূড়ান্ত শুনানি হবে। বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও মো. আবু তারিকের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন গত ৫ জুন জনস্বার্থে এ রিট আবেদন করেছিলেন। রিটে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৩) (খ) ও ৩ (৪) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। জরুরি ক্ষমতা আইনের মামলায় জামিন, দণ্ড ও বিচার প্রক্রিয়া সম্পর্কিত এই ধারাগুলোকে কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে সরকারের প্রতি রুলজারিরও আবেদন জানানো হয়। এই রিটের নিষ্পত্তিতে হাইকোর্টকে সহায়তার জন্য বৃহস্পতিবার সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. শাহদীন মালিক ও সিনিয়র অ্যাডভোকেট এম আই ফারুকীকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আদালত। এছাড়া অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমদকে চূড়ান্ত শুনানিতে অংশ নিতে বলা হয়েছে। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০৫৯ ঘ.