২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যক্তি মালিকাধীন একটি আইসিডি খুলে দেওয়ার দাবি

চট্টগ্রাম কাস্টমস হাউজের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে কালুরঘাটে অবস্থিত বেসরকারি একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মালিক পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কাস্টমস হাউজের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে কালুরঘাটে অবস্থিত বেসরকারি একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মালিক পক্ষ। ইকবাল এন্টারপ্রাইজ নামের এই আইসিডি কর্তৃপক্ষের দাবি, হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ায় প্রায় ৫০ কোটি টাকার বিনিয়োগ বিনষ্ট এবং পাঁচশ' কর্মকর্তা-কর্মচারির চাকরি হুমকির মুখে পড়েছে। প্রায় ২০ কোটি টাকার দুশ' কন্টেইনার রপ্তানিযোগ্য পণ্য ডিপোতে পড়ে আছে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আইসিডিটির কর্মকর্তারা এ দাবি জানান। সাময়িকভাবে লাইসেন্স বাতিলের কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল এন্টারপ্রাইজের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিক্রম চৌধুরী। তিনি বলেন, "আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া শুধু বেইআইনিই নয় অযৌক্তিক ও অমানবিক।" বিক্রম চৌধুরী দাবি করেন, গত ২ জুলাই সাত দিনের মধ্যে জবাব চেয়ে কাস্টমস কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ জারি করলেও এ চিঠির একদিনের মাথায় তাদের আইসিডির লাইসেন্স বাতিলের আদেশ দেওয়া হয়। এ কারণে তারা নোটিশের জবাব দেওয়ারও সুযোগ পাননি। ১২টি অনিয়মের কথা উল্লেখ করে গত ৩ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউস এ আইসিডি সাময়িক বন্ধের নির্দেশ দেয়। এসব অনিয়মের বিষয়ে বিক্রম চৌধুরী বলেন, "চট্টগ্রামের অপর ১০টি আইসিডির কোনটিই শতভাগ শর্ত পূরণ করতে পারেনি।" সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইকবাল এন্টার প্রাইজের উপ-মহাব্যবস্থাপক নুরুল মোস্তফা ও আসলাম পারভেজ এবং ব্যবস্থাপক রশিদ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০০৭ ঘ.