ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সিলেটের কারাবন্দি মেয়র বদর উদ্দীন আহমেদ কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান।
আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উত্তরা ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক গিরিধারী লাল মোদী ও ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো. মইনুল আহসানের বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।
হানিফ ইকবাল জানান, মেয়র কামরানের বিরুদ্ধে ২ কোটি ২২ লাখ ৩১ হাজার ৭শ' ৮৬ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী আসমার বিরুদ্ধে স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রি করে ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭শ' ৪৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, গিরিধারী লাল মোদীসহ দুই জনের বিরুদ্ধে ৮ কোটি ৪১ লাখ ৫১ হাজার টাকা অনিয়মের মাধ্যমে হস্তান্তর ও গোপনের অভিযোগে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
মহাপরিচালক জানান, বিএনপি নেতা বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার, সাবেক সাংসদ সৈয়দ শহিদুল হক জামাল ও তার স্ত্রী নাসরিন হক এবং নড়াইল পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
তিনি আরও জানান, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক মেয়র মুজিবর রহমান সরোয়ার, সাবেক সাংসদ আলী রেজা রাজু ও জয়নাল হাজারীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সংসদ ভবনের বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯২৩ঘ.
bdnews24