২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মাগুরায় শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

মাগুরা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. নাজির আহমেদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (২০) সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন। ২০০৭ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় মিজানুর একই গ্রামের আট বছর বয়সী একটি মেয়েকে তাদের বাড়ির নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক মিজান পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই মেয়েটির বাবা ইজাজুল ইসলাম মাগুরা সদর থানায় মিজানুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর বিচারক ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলী কদর। আসামি পক্ষে অ্যাডভোকেট বিনয় কুমার বিশ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.