ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহভাজন বাংলাদেশী শ্রমিকদের মধ্য থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০১ জনকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী সকাল সোয়া ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি আরো বলেন, "জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দেওয়া তথ্য মতে, বুধবার রাত সাড়ে নয়টায় ৭৮ জন এবং আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া আটটা পর্যন্ত দুটো বিমানে করে ১২৩ জন বাংলাদেশী ফিরে এসেছে।"
বুধবার ফেরত পাঠানো বাংলাদেশীদের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,"বিমানবন্দরের সঙ্গে যোগাযোগের কিছূটা ঘাটতির কারণে সঠিক পরিসংখ্যান নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। একেক পত্রিকায় একেক ধরনের সংখ্যা উল্লেখ করা হয়েছে।"
এ বিষয়ে তিনি আরো বলেন,"কোন দেশ থেকে কাউকে ফেরত পাঠানোর সময় তাকে বিকল্প পাসপোর্ট দিয়ে ফেরত পাঠানো হয়। আর তাদের নিয়মিত পাসপোর্ট থাকলে অনেক সময় বিমানবন্দর তাদেরকে সাধারণ যাত্রী হিসেবে বিবেচনা করে। এজন্যই বিভ্রান্তির সৃষ্টি হয়।"
বিমানবন্দরের অভিবাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩৯ মিনিটে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে করে ৪০ জন এবং সকাল সোয়া আটটায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে ৮৩ জন বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে।"
পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা গত রোববার থেকে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এদের মধ্যে কেউ কেউ সারা মাস কাজ করে মাত্র ৮ দিনার (৩০ ডলার বা ২ হাজার টাকার কিছু বেশি) পান বলে অভিযোগ আছে।
সেসময় ধর্মঘটী বাংলাদেশীদের মধ্যে কুয়েত পুলিশ কমপক্ষে ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। দোষী সাব্যস্ত না হওয়ায় এদের মধ্যে ৩০০ জনকে ছেড়ে দেওয়া হয় বুধবার।
সেখানকার পুলিশ বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষীদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
নির্দোষ বক্তিদের ছেড়ে দেওয়া হবে বলে কুয়েত সরকার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের আশ্বস্তও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১১১৩ ঘ.
bdnews24