২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নাইমুদ্দীন আহমেদ মারা গেছেন

হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমুদ্দীন আহমেদ বুধবার মারা গেছেন। ৭৯ বছর বয়সী নাইমুদ্দীন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 06:23 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমুদ্দীন আহমেদ বুধবার মারা গেছেন। ৭৯ বছর বয়সী নাইমুদ্দীন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের পর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯১ সালে শাহাবুদ্দিন আহমদের সরকারের সময় তিনি নির্বাচন কমিশনার ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের মহাব্যাবস্থাক জেমস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারপতি নাইমুদ্দীন গত ২৬ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তখনই তিনি প্রায় অচেতন ছিলেন। ডায়েবেটিস, পারকিনসন্স ডিজিজ, হাইপার টেনশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মস্তিষ্কের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।" হাসপাতাল থেকে তার মরদেহ কলাবাগানের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে গোমেজ জানান। প্রয়াত নাইমুদ্দীনের ভাই আনোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা হবে। জোহরের নামাজের পর হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। নাইমুদ্দীন আহমেদ ১৯৩১ সালের ১৩ এপ্রিল মুন্সীগঞ্জের লৌহজং থানার কাহেপাড়া গ্রামে জন্ম নেন। ১৯৫৮ সালে ময়মনসিংহ জেলা মুন্সেফ হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯৬ সালে বিচারপতি হিসেবে অবসর নেয়ার পর নাইমুদ্দীন আহমেদ আইন কমিশনের সদস্য এবং ল রিফর্মস কমিশনেরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে ড. নাইম সুলতান আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, আর মেয়ে নাসিম সুলতানা কণা একজন গৃহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এটি/জিএমএ/জেকে/এমএইচবি/০০১৩ ঘ.