ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সেনাপ্রধান দীপক কাপুর বুধবার কুমিল্লায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসহ এ অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন। এদিন তিনি চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিও ঘুরে দেখেন।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ভারতীয় সেনাপ্রধান জেনারেল কাপুর কুমিল্লায় পৌঁছালে এরিয়া কমাান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান। পরে তিনি কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান, যুদ্ধক্ষেত্র ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যোদ্ধাদের সমাধিস্থল ঘুরে দেখেন।
কুমিল্লা অঞ্চল পরিদর্শন শেষে জেনারেল কাপুর চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) পরিদর্শন করেন। এ সময় সেনা কর্মকর্তারা বিএমএ এর প্রশিক্ষণ কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন।
বিএমএ'র জাদুঘরও ঘুরে দেখেন ভারতীয় সেনাপ্রধান।
কুমিল্লা অঞ্চল ও বিএমএ পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনালে মেজর জেনারেল মতিউর রহমান ও ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24