২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার দুটি মামলায় সরকারের আপিল আবেদনের শুনানি ৪ আগস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের ওপর আগামী ৪ আগস্ট শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের ওপর আগামী ৪ আগস্ট শুনানি হবে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন এই দিন ধার্য করেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। হাইকোর্ট গত ৭ জুলাই এ দুটি দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে দেয়। সরকার গত ১০ জুলাই হাইকোর্টের এই আদেশ স্থগিতের আবেদন জানালে আপিল বিভাগের চেম্বার জজ সরকারকে নিয়মিত আপিলের আবেদন করতে বলেন। সরকারপক্ষ বুধবার নিয়মিত আপিলের আবেদন করলে চেম্বার জজ ওই আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। আর গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আসামিরা বিনা দরপত্রে ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্র নাইকোকে ইজারা দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি করেছে। গত ৭ মে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও একটি মামলা বিচারাধীন রয়েছে। শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হলেও চলতি বছর ১১ জুন তাকে বিশেষ শর্তে মুক্তি দেয় সরকার। বর্তমানে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১২৪ ঘ.