ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্যাটকো দুর্নীতি মামলায় সদ্য জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতা আব্দুল মান্নান ভুঁইয়া দলের কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার অসুস্থ বড় ছেলে তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়ে গুলশানের বাসায় আসার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরকারের প্রতি তিনি এ দাবি জানান।
দলের বহিস্কৃত মহাসচিব মান্নান ভুঁইয়া বলেন, "আমি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থ তারেক রহমানের দ্রুত সুচিকিৎসার দাবি জানাচ্ছি।"
একইসঙ্গে বিএনপি নেতা তরিকুল ইসলাম, সালাউদ্দীন কাদের চৌধুরী, মির্জ্জা আব্বাস, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ও মোহাম্মদ নাসিমসহ কারাবন্দি অসুস্থ নেতাদের মুক্তি ও 'সুচিকিৎসার' জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি।
আব্দুল মান্নান ভূঁইয়া হাইকোর্টের জামিনে মুক্তি পেয়ে বুধবার বিকেল ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটকে দলের কয়েকশ' নেতা-কর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
কারাগার থেকে মান্নান ভূঁইয়া একটি পাজেরো জিপে চড়ে গুলশানের বাসায় আসেন। এ সময় তার গাড়ির সামনে- পেছনে ছিল সমর্থক নেতা-কর্মীদের গাড়ির বহর। গুলশানের বাসায়ও নেতাকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করেন সমর্থক ও কর্মীরা।
বাসায় প্রবেশের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্যাটকো মামলায় আটক হওয়ার পর তার মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মান্নান ভূঁঁইয়া। তিনি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি দলের জন্য পুনরায় ঐক্যের আশাবাদ জানিয়ে বলেন, "বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে লড়তে হলে বিএনপির ঐক্যের কোনো বিকল্প নেই।"
দৃশ্যত কারাগারে অর্জিত বিরল অভিজ্ঞতার আলোকে মান্নান ভুঁইয়া কারাগারের জনবল বৃদ্ধি, পুরনো ভবনগুলো সংস্কার এবং কারা কর্মচারি ও কর্মকর্তাদের আবাসনের সমস্যা সমাধানের দাবি জানান।
'সংস্কারপন্থী' বলে পরিচিতি পাওয়া এ নেতা আরও বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে যে কারা সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছিল তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়া প্রয়োজন। বর্তমানে কারাগারে কয়েদির সংখ্যা ধারণক্ষমতার কয়েকগুণ বেশি। তাই ছোটখাটো মামলায় অভিযুক্তদের এবং জামিনপ্রাপ্ত আসামিদের জামিনের ব্যবস্থা করা উচিত।"
আসামি বহনকারী প্রিজন ভ্যানগুলো পরিবর্তনের জন্যও সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বিএনপির এ প্রবীণ নেতা।
এ সময় বিএনপি'র সংস্কারপন্থী নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, মান্নান ভূঁঁইয়ার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ তার নির্বাচনী এলাকার নেতারা উপস্থিত ছিলেন।
গত ১৮ মে গ্যাটকো দুর্নীতি মামলায় আব্দুল মান্নান ভুঁইয়া ঢাকার মহানগর বিশেষ দায়রা আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় ২৪জন আসামি রয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁঁইয়া বলেন," মামলাটি বিচারাধীন বলে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। তবে আমার উকিল জানিয়েছেন এ মামলার কোনো ভিত্তি নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৫০ঘ.
bdnews24