২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লট-ফ্ল্যাট কেনাবেচা সংক্রান্ত অধ্যাদেশে নীতিগত অনুমোদন

বেসরকারি প্লট ও ফ্ল্যাট বেচা-কেনায় হয়রানি বন্ধ করতে বিভিন্ন পর্যায়ে শাস্তির বিধান রেখে 'বেসরকারি প্লট ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা (রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট) অধ্যাদেশ ২০০৮' মঙ্গলবার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্লট ও ফ্ল্যাট বেচা-কেনায় হয়রানি বন্ধ করতে বিভিন্ন পর্যায়ে শাস্তির বিধান রেখে 'বেসরকারি প্লট ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা (রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট) অধ্যাদেশ ২০০৮' মঙ্গলবার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে নিবন্ধনহীন কোনো ডেভলপার ফ্ল্যাট বা প্লট বিক্রির বিজ্ঞাপন দিলে তাকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। এছাড়া, সরকারের অনুমোদন ছাড়া রিয়েল এস্টেট মালিকরা ভূমি উন্নয়ন বা গৃহনির্মাণ করলে তিন বছরের জন্য কারাদণ্ডিত হবেন। একইসঙ্গে তাদের ১০ লাখ জরিমানারও বিধান রয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটিতে অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "এ অধ্যাদেশের পাশাপাশি 'বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট ১৯৫২', 'বাংলাদেশ ন্যাশনাল বি্িল্ডং কোড ২০০৬', 'বেসরকারি আবাসিক ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪', 'প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০৪'-সহ গৃহ নির্মাণ সংক্রান্ত যাবতীয় আইন ও বিধিমালা কার্যকর থাকবে বলে অধ্যাদেশটিতে উল্লেখ করা হয়েছে।" প্রেস সচিব বলেন, "সরকারের সঙ্গে নিবন্ধন ছাড়া কোনো ডেভলপার ফ্ল্যাট বা প্লট বিক্রির বিজ্ঞাপন দিলে তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া, সরকারি অনুমোদন ছাড়া রিয়েল এস্টেট মালিকরা ভূমি উন্নয়ন বা গৃহনির্মাণ কাজ শুরু করলে তাদের তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জারমানা করা হবে।" অধ্যাদেশে ভূমি মালিকের সঙ্গে করা চুক্তি অনুযায়ী কাজ শেষ না করলে ডেভলপারকে দু'বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখার তথ্য গোপন রেখে কোনো হাউজিং প্রজেক্টের ফ্ল্যাট বা প্লট কারো কাছে বিক্রি করা হলে সংশ্লিষ্ট প্লট বা ফ্ল্যাটের ডেভলপার এক বছরের সশ্রম কারাদণ্ড পাবেন। এক লাখ টাকা জরিমানাও দিতে হবে তাকে। ফাহিম মুনয়েম জানান, ডেভলপারকে না জানিয়ে কোনো ক্রেতা অন্যের কাছে প্লট বা ফ্ল্যাট বিক্রি করলে বিক্রেতাকে দু'বছর সশ্রম কারাদণ্ড ভোগের পাশাপশি ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া, ক্রেতাকে নোটিশ না দিয়ে ফ্ল্যাট বা প্লট বরাদ্দ বাতিল করলে ডেভলপার পাবেন এক বছরের দণ্ড। দু'লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হবে তাকে। প্রেস সচিব বলেন, "বৈঠকে এ্যাটর্নি সার্ভিস (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন দেওয়া হয়েছে। তবে সার্ভিস গঠিত না হওয়া পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ অন্য আইন কর্মকর্তাদের নিয়োগ আগের মতো কার্যকর থাকবে।" এছাড়া, বৈঠকে 'সার্ক কনভেনশন অন মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটারস' এ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আইনী সহায়তা দেওয়ার লক্ষ্যে এবারের সার্ক সম্মেলনে এ প্রস্তাব স্বাক্ষর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এসএনডি/এমএইচিব/২১০৮ ঘ.