২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে আলোচনা নিয়ে উপদেষ্টার বক্তব্যে দেলোয়ারের বিস্ময়

বিএনপির সঙ্গে আলোচনা নিয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 07:54 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে আলোচনা নিয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। বিএনপির খালেদা জিয়া মনোনীত এ মহাসচিবের দাবি, সংলাপের বিষয়ে তার সঙ্গে সরকারের কোনও আলোচনা হয়নি। সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা গোলাম কাদের সোমবার সাংবাদিকদের বলেছিলেন, "আমাদের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ চলছে। প্রক্রিয়াও বেশ এগিয়েছে। আশা করছি, শিগগিরই সংলাপ অনুষ্ঠান সম্ভব হবে।" যোগাযোগ উপদেষ্টার এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "চেয়ারপারসন কারাগারে। আমি দলের মহাসচিব। আমার সঙ্গে সরকারের কারও আলাপ হয়নি, হচ্ছেও না। তাহলে সরকার কাদের সঙ্গে আলাপ করছে?" একইসঙ্গে তিনি বলেন, "সরকারের বানানো বিএনপির সঙ্গে আলাপ হচ্ছে কিনা, তা আমার জানা নেই।" বিএনপির স্থায়ী কমিটি মনোনীত এম সাইফুর রহমান ও হাফিজউদ্দিন নেতৃত্বাধীন 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত অংশটিকে 'সরকারের বানানো বিএনপি' বলে অ্যাখ্যায়িত করে আসছেন দেলোয়ার হোসেন। খোন্দকার দেলোয়ার দলীয় প্রধান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান। এক্ষেত্রে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন. "সরকার বার বার বলছে, খালেদা জিয়ার মুক্তির বিষয় বিবেচনা করছে। অথচ তাদের এই বিবেচনা কবে শেষ হবে কে জানে। খালেদা জিয়ার মুক্তির দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে।" অবিলম্বে জাতীয় নির্বাচন দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "বর্তমান সঙ্কট উত্তরণে অন্য সব নির্বাচনের আগে সংসদ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতার অংশ নেওয়ার সুযোগ দেওয়া চাই। নির্বাচিত একটি সরকারই বর্তমান সঙ্কটের সমাধান দিতে পারে।" তিনি বলেন, "সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের আগে অন্য কোনও নির্বাচন করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই। দেশবাসীও সংসদ নির্বাচন চায়। কিন্তু মহলবিশেষ পর্দার অন্তরালে থেকে পাতানো নির্বাচনের মাধ্যমে এ দেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে।" বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়ে দেলোয়ার হোসেন বলেন, "বিএনপির অফিস অবৈধভাবে বন্ধ করে রাখা হয়েছে। দলের মহাসচিব হিসেবে আমি অফিসের চাবি চাই।" দলে নিজের অবস্থানের বিষয়ে তিনি বলেন, "চেয়ারপারসন গঠনতন্ত্র অনুযায়ী আমাকে মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। নেত্রী যখন চাইবেন, আমি পদ ছেড়ে দেব। তিনি ছাড়া পত্রিকায় লেখালেখি করে আমাকে অপসারণ করা যাবে না।" সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে দলের সাবেক সাংসদদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খোন্দকার দেলোয়ার। ওই সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার, শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সেলিম রেজা হাবিব, শাহ নূরুল কবির শাহিন, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, হেলেন জেরিন খান, ফাহিমা হোসাইন জুবলি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৭ ঘ.