ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোববার থেকে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সচিবালয়ের উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ মো. খুরশীদ আনোয়ার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সিটি ও পৌর নির্বাচনের জন্য প্রয়োজনীয় স্ট্যাম্প প্যাড, অফিস সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, গালা, অমোচনীয় কালি, বড় ও ছোট সাইজের ব্যাগ পাঠানো শুরু হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে প্রয়োজনীয় সব উপকরণ পৌঁছে যাবে।"
ব্যালট পেপার মুদ্রণ কাজও শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, "সংশ্লিষ্ট এলাকায় ব্যালট বাক্স, ব্যালট পেপার যথাসময়ে পৌঁছানো হবে।"
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার জন্যে ৩৮৮৪টি স্ট্যাম্প প্যাড, ৪৬০৪টি অফিস সিল, ৪৭৬৮টি মার্কিং সিল, ৭২০টি ব্রাস সিল, ৭২০টি গালা, অমোচনীয় কালির ৪৬০৪টি প্যাকেট এবং বড় ও ছোট সাইজের ১৪৪০টি ব্যাগ মজুদ করা হয়েছে। চাহিদা অনুযায়ী এগুলো সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হচ্ছে।
১ আগস্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী দায়িত্ব পাওয়ার পর ব্যালট পেপার ও ব্যালট বাক্স পাঠানো শুরু হবে বলেও জানান তারা।
এদিকে, হলফনামায় অসম্পূর্ণ ও অসত্য যাচাইয়ের জন্য তলব করা চার সিটি করপোরেশনের ১৩ মেয়র প্রার্থীর কাগজপত্র নির্বাচন কমিশনে পৌঁছেছে। গত ২৩ জুলাই এসব প্রার্থীর কাগজপত্র তলব করে ইসি।
এছাড়া, সিটি ও পৌর এলাকার নয়জন প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনসহ তথ্য গোপনের অভিযোগ ইসিকে জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা হলেন- বরিশালের মেয়র প্রার্থী এবায়দুল হক চান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন সরকার, রাজশাহীর মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক টুকু, খুলনার ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনি, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এমদাদুল হক ওরফে মিলু, ২৪ নং ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ, ৭ নং ওয়ার্ডের মীর মকসেদ আলী।
কমিশনের উপ সচিব সৈয়দ মো. খুরশীদ আনোয়ার সোমবার বিডিনিউজকে জানান, শিগগির এসব অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১৪৭ ঘ.
bdnews24