২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার উপকরণ ও বন্দরের যন্ত্রপাতি কেনার অনুমতি

মামলা থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন দরপত্র আহ্বানের অনুমতি দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। তবে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি এবং চট্টগ্রাম বন্দরের জন্য কন্টেইনার স্ক্যানার ও তেজষ্ক্রিয়তা নিরূপণ যন্ত্রপাতি কেনার অনুমতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মামলা থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন দরপত্র আহ্বানের অনুমতি দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। তবে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি এবং চট্টগ্রাম বন্দরের জন্য কন্টেইনার স্ক্যানার ও তেজষ্ক্রিয়তা নিরূপণ যন্ত্রপাতি কেনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে মোট চারটি এজেন্ডা ছিল। এর মধ্যে কৃষি উপদেষ্টা ও কৃষি সচিব ন্যাম সম্মেলনের জন্য বিদেশের পথে থাকায় এগ্রি বিজনেস ডেভলপমেন্ট প্রজেক্টের পরামর্শক ফার্ম নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য আহ্বানকৃত দরপত্র বাতিলের সিদ্ধান্ত সভায় উপস্থাপন করে পুনঃদরপত্রের অনুমোদন চাওয়া হয়। তবে আদালতে মামলা থাকায় উপদেষ্টা কমিটি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার উৎপাদনের জন্য প্রায় ৯২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জন্য ৪৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কন্টেইনার স্ক্যানার এবং তেজষ্ক্রিয়তা নিরূপণ যন্ত্রপাতি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহবুব জামিল, যোগাযোগ সচিব মো. মাহবুবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমীরুল ইসলাম ভুঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০১০ঘ.