চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ধারাল অস্ত্রসহ আটক দুই ছাত্রের খোঁজ খবর নিতে হাটহাজারী থানায় গেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক ও রসায়ন চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুর রহমান জুয়েল এবং অর্থ বিষয়ক উপ সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহসিন করিম রিয়েল।
এই দুই নেতার মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাকা দিয়েছে ছাত্রলীগ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে পুলিশের হাতে ধারালো অস্ত্রসহ আটক দু'জনের বিষয়ে 'তদবীর' করতে এ দুই ছাত্রলীগ নেতা থানায় এসেছিলেন। অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা গত ২৯ এপ্রিল জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ওই দিন ছাত্রলীগ ক্যাম্পাসের রেলস্টেশনে মিছিল করেছিল।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জানান, এই দুই নেতার মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট আহ্বান করেছেন তারা।
গত দুই দিন শাটল ট্রেনে মারামারি ও অস্ত্রসহ শিক্ষার্থী গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ার বডি ও ডিসিপ্লিনারী কমিটি সামগ্রিক বিষয়ে নজর রাখছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রক্টর মোহ্ম্মাদ জসীমউ্িদ্দন।
তিনি বলেন, "আইন ভঙ্গকারী কারও বিষয়ে কোন প্রকার নমনীয়তা দেখানো হবে না।"
সোমবার সকালে রেলস্টেশন চত্ত্বর থেকে পুলিশ ১০টি গাছি দা, আটটি ছোরা ও ৩০পিস রডসহ গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শফিক ও হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের নুরুজ্জামানকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24