ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সমস্যা নিরসনে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী।
সোমবার বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবদুল্লাতিফ আলী আল-মাওয়াশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে শ্রমিকদের সমস্যা সমাধানে আশু পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের কাছে আহ্বান জানান তিনি।
বেতন-ভাতা বাড়ানো ও কাজের পরিবেশ উন্নত করার দাবিতে শত শত বাংলাদেশী শ্রমিকসহ দক্ষিণ এশিয়ার হাজার হাজার শ্রমিক গত শনিবার থেকে ধর্মঘট শুরু করে।
ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতকে আমার দপ্তরে ডেকে বাংলাদেশী শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করেছি।"
এ ছাড়া শিগগিরই তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে তার সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
ইফতেখার জানান, তিনি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কুয়েতি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন।
ক'টনৈতিক উপায়ে এ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "ইতোমধ্যে বাহরাইন, মালয়েশিয়া ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সমস্যা সমাধানের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।"
এদিকে, আরব টাইমস জানিয়েছে, বিদেশি শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে সোমবার কুয়েতের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। সেদেশের সাংসদরা ধর্মঘটী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিক্ষুব্ধ এক বাংলাদেশী শ্রমিক কুয়েত টাইমসকে বলেন, "মাসিক মাত্র ৮ কুয়েতি দিনার (৩০ ডলারের সামান্য বেশি) দিয়ে কীভাবে আমি বেঁচে থাকবো। তার ওপরে র্কর্তৃপক্ষের দুর্ব্যবহার তো আছেই।"
পত্রিকাটি জানিয়েছে, এসব শ্রমিককে মাসিক ৫০ দিনারের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও তাদের মাত্র ২০ দিনার করে বেতন দেওয়া হয়। এর মধ্য থেকেও নিয়োগদাতারা ১২ দিনার করে কেটে রাখে ভিসার নাম করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৯২৯ঘ.
bdnews24