ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় ধরা পড়া বিভিন্ন অনিয়ম তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও পরিবহন শাখার সার্বিক কাজ তত্ত্বাবধান করার জন্য পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং চার সদস্যের একটি নতুন ক্রয় কমিটি গঠন করা হয়েছে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিন্ডিকেট সদস্য ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আমিনুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো জানান, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা আল মামুনকে আহ্বায়ক করে নতুন ক্রয় কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে অনিয়মের দায়ে অভিযুক্ত পরিবহন ম্যানেজার আজিজুল হকও রয়েছেন।
পরিবহন ম্যানেজারের নিজের বিরুদ্ধেই অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে ক্রয় কমিটিতে রাখা হয়েছে এর জবাবে উপাচার্য বলেন, "এ শাখার বেশিরভাগ লোকের ব্যাপারেই অভিযোগ এসেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রমাণিত হবে তিনি জড়িত কিনা। ক্রয় সংক্রান্ত ব্যাপারে ওই শাখার একজনকে অবশ্যই কমিটিতে রাখতে হবে। তাই তাকে রাখা হয়েছে।"
ক্রয় কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদা বেগম ও হিসাব পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৬৪৯ঘ.
bdnews24