ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন সংস্কৃতি, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
তিনি বলেন, "জনগণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের জন্যই জরুরি অবস্থা থাকা প্রয়োজন। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ।"
সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স এর সঙ্গে বৈঠক শেষে রাশেদা কে চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, "দেখতে হবে, সময় বলে দেবে সামনে কি হবে।"
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি সরকারের ক্ষমতা পাকাপাকি করার পরিকল্পনা নয় দাবি করে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, "সমালোচকরা এ ধরনের কথা বলেন। তবে আমাদের ক্ষমতা পাকাপাকির কোন পরিকল্পনা নেই। এটা সময় এলেই বুঝতে পারবেন।"
জরুরি অবস্থা তুলে নেওয়ার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি অবস্থা কোন পরিস্থিতিতে এসেছে তা আগে আমাদের দেখতে হবে। সে পরিস্থিতি পর্যালোচনা করে আমার মনে হয় না এখনো সেই প্রেক্ষাপট নেই।"
জরুরি অবস্থা তুলে নেওয়ার মতো সময় হলে সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তা কার্যকর করবে বলেও জানান রাশেদা কে চৌধুরী।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আমি এত সহজে হতাশ হওয়ার লোক নই। সংলাপ শুরুর প্রথম দিকে অনেকেই বলেছিলেন কেউ সংলাপে আসবেন না। কিন্তু রাজনৈতিক দলগুলো এসেছে। মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক দলগুলো সংলাপে যোগ দিয়েছে। তবে কিছু বাধা তো আছেই।"
উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে রাশেদা কে চৌধরী বলেন, "রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রতিনিয়ত, প্রতিসপ্তাহে পরিবর্তন হচ্ছে। আমরা আশা করছি তারা বুঝবে। তারা ইতোমধ্যে বুঝতে শুরু করেছে। সে কারণেই ইতোমধ্যে একটি বড় রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে তাদের অবস্থান বদল করেছেন। আশা করছি সব দলই তাদের সিদ্ধান্ত বদলাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24