বরিশাল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বানারীপাড়া উপজেলার সলিয়াবাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রোববার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই 'ডাকাত' নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, একটি বন্দুক, দুটি রামদা ও ছয়টি গুলি উদ্ধার করেছে।
রাত দেড়টায় সংগঠিত এই বন্দুক যুদ্ধে পুলিশের এক উপ পরিদর্শকসহ দুই কনস্টেবল আহত হন বলে জানিয়েছেন পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী।
নিহতরা হলেন, নলছিটি উপজেলার রফিকুল ইসলাম দুলাল (৩০) ও তার সহযোগী শামসুল ইসলাম (৩২)।
আহত পুলিশ কনস্টেবল শাহাদত ও শামীমকে জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ পরিদর্শক আফজাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী সোমবার সকালে সাংবাদিকদের বলেন, "একদল ডাকাত বরিশাল-বানারীপাড়া সড়কের পাশে কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে ভ্রাম্যমাণ পুলিশকে জানায়। তারা থানা থেকে আরো পুলিশ ডেকে বাবুগঞ্জ ও উজিরপুর থানা পুলিশের সহায়তায় ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।"
তিনি জানান, পরে সেখান থেকে রফিকুল ইসলাম দুলাল ও শামসুল ইসলাম নামে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বন্দুক যুদ্ধের পর ডাকাতদের ধরার জন্য পুলিশ এলাকা ঘেরাও করে বাড়ি বাড়ি তল্লাশি চালায়।
দুজনের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, রফিক বাকেরগঞ্জের হলতা নদীবন্দরে মালামাল বোঝাই ট্রলার ডাকাতি ও চার মাঝি-মাল্লা হত্যা মামলার আসামি। তাদের দুজনের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১১৪০ ঘ.
bdnews24