ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ঝূঁকিপূর্ণ পুরানো ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো রোকেয়া হল, হাজী মুহাম্মদ মুহসীন হল ও জগন্নাথ হলে অবস্থিত।
রোববার দুপুরেরর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ।
বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালযের প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ জানান, রোকেয়া- মুহসীন- জগন্নাথ হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, রোকেয়া হলের অনার্স ভবনের ছাত্রীদের নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী হোস্টেলে, জগন্নাথ হলের পূর্ব ভবনের (ইস্ট বিল্ডিং) ছাত্রদের হলের অন্যান্য ভবনে এবং মুহসীন হলের ঝুঁকিপূর্ণ অংশের ছাত্রদের হল মিলনায়তন, জিমনেশিয়াম ডরমেটরি ও হলের অন্যান্য কক্ষে স্থান্তর করা হবে।
এই ভবনগুলোকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও কেন শিক্ষার্থীদের সরানো হয়নি- এমন প্রশ্নের জবাবে আ কা ফিরোজ জানান, ফয়জুন্নেছা হোস্টেলের অভ্যন্তরীণ সমস্য থাকায় ছাত্রীদের সরানো যায়নি। এছাড়া অন্যান্য হলগুলোতেও ছাত্রদের সরিয়ে নিতে সমস্যা ছিল। তবে এবার কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে।
এছাড়া অন্যান্য হলেরও ঝুঁকিপূর্ণ ভবন খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রায় দু'বছর আগে জগন্নাথ হলের ইস্ট বিল্ডিং এবং প্রায় দু'মাস আগে রোকেয়া হলের অনার্স ভবন ও মুহসীন হল ভবনের একটি অংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার রাতে সারাদেশে প্রায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাতে ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করে হল ভবন থেকে বেরিয়ে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন ছাত্র আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২৩৪০ ঘ.
bdnews24