ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েস্টিফোর ডটকম) - এখন থেকে বাংলাদেশের নাগরিকরা মালয়েশিয়ায় 'অন এ্যারাইভাল' ভিসা পাবে। নতুন এ সুবিধার কারণে বাংলাদেশীদের মালয়েশিয়ায় যাবার জন্য আগে থেকেই ভিসা নেওয়ার প্রয়োজন নেই।
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, মালয়েশিয়া সরকার ২৭টি দেশের একটি তালিকা করেছে যাদের নাগরিকদের মালয়েশিয়ায় যাবার আগেই ভিসা নিতে হবে। বাংলাদেশ এ তালিকার বাইরে রয়েছে। এ কারণে বাংলাদেশের নাগরিকরা মালয়েশিয়ায় পৌঁছে ভিসা (অন এ্যারাইভাল ভিসা) সংগ্রহ করতে পারবেন। আগে থেকে ভিসা নেওয়ার প্রয়োজন নেই।
পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে জানানো হয়, 'এটি একটি সুখবর। বন্ধুত্বপূর্ণ মালয়েশীয় সরকারের দেওয়া এ সুযোগ কেউ যাতে অপব্যবহার না করে সে ব্যাপারে আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে।'
এর আগে মালয়েশিয়ায় যাবার জন্য বাংলাদেশী নাগরিকদের আগে থেকে ভিসা সংগ্রহ করতে হতো। নতুন এ ভিসা সুবিধার ফলে বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়া যাবার ঝামেলা কমে আসবে। মালয়েশিয়ার সরকারের ছাড়পত্র পাওয়া ৮০ হাজার বাংলাদেশী কর্মীর সেদেশে যাওয়ার সুযোগ রয়েছে।
মন্ত্রণালয়ের হিসাবে ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট তিন লাখ এক হাজার কর্মী মালয়েশিয়া গেছেন। ২০০৭ সালে সেখানকার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ এক কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার।
বিডিনিউজ টোয়েস্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24