২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি করতে গিয়ে চট্টগ্রামে পত্রিকা সম্পাদকসহ চারজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুুলিশ (সিএমপি) কমিশনারের কাছে চাঁদা চাইতে গিয়ে রোববার বিকালে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন একটি দৈনিক পত্রিকার সম্পাদক ও এর তিন প্রতিবেদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম মহানগর পুুলিশ (সিএমপি) কমিশনারের কাছে চাঁদা চাইতে গিয়ে রোববার বিকালে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন একটি দৈনিক পত্রিকার সম্পাদক ও এর তিন প্রতিবেদক। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পদ্মার সম্পাদক এম রহমান মুকুল, পত্রিকাটির প্রধান প্রতিবেদক রায়হান চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. তৌহিদ এবং প্রতিবেদক মো. রুবেল। গ্রেপ্তারকৃত মুকুল ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা। সিএমপি কোতোয়ালী জোনের সহকারী কমিশনার বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে নগরীর লালদীঘির পাড় সিএমপি কমিশনার এম আকবর আলীর কার্যালয়ে গিয়ে দৈনিক আজকের পদ্মার সম্পাদক মুকুল তার নিজের খরচের জন্য কমিশনারের কাছে টাকা দাবি করেন। এক পর্যায়ে পুলিশ কমিশনার তার কার্যালয়ে অবস্থিত পুলিশ সদস্যদের ডেকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি জানান, এসময় কমিশনার কার্যালয়ের বাইরে থাকা রায়হান, তৌহিদ এবং রুবেলকেও গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মো. ইলতুৎমিশ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর ডবলমুরিংসহ বিভিন্ন থানায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তারা নিজেদের সাংবাদিক পরিচয় বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলকায় দৈনিক আজকের পদ্মার চট্টগ্রাম ব্যুরো কার্যালয় অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৫৪ ঘ.