চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম আদালত ভবনের সংস্কারকৃত অংশ কোন ঘোষণা বা আলাপ আলোচনা ছাড়াই 'দখলে' নেওয়ায় জেলা প্রশাসক আশরাফ শামীমের অপসারণ দাবি করেছে জেলা আইনজীবী সমিতি।
রোববার দুপুরে সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আইনজীবী নেতারা এ দাবি জানান।
অবিলম্বে আগের কার্যালয়গুলো ফিরিয়ে আনা এবং জেলা প্রশাসককে অপসারণের দাবিতে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে আইনজীবী সমিতি।
এ সব কর্মসূচির মধ্যে রয়েছে- চট্টগ্রামের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইন ও গণপূর্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। কর্মসূচি কবে পালন করা হবে সেটা পরে বসে ঠিক করবেন বলে সমিতির নেতারা জানিয়েছেন।
ব্যবহারের অযোগ্য ঘোষণার পর আইনজীবীসহ চট্টগ্রামের বিশিষ্ট জনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে পুরাতন আদালত ভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ এবং এর তৃতীয় তলা অপসারণ করে দ্বিতীয় ও প্রথম তলা ব্যবহার উপযোগী করতে সংস্কারের সিদ্ধান্ত হয়।
পুরাতন আদালত ভবনের দোতলায় চট্টগ্রাম জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যালয় ছিল। এছাড়া ছিল জেলা ও মহানগর দায়রা জজের এজলাস ও খাস কামরা এবং আইনজীবীদের দুটি মিলনায়তন।
ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর জেলা প্রশাসন কার্যালয়সহ অন্যান্য বিচারিক দপ্তর অন্যত্র স্থানান্তরিত হয়।
ভবনটির প্রধান ফটক সংলগ্ন মাঝামাঝি অংশের নিচতলায় ছিল মুখ্য মহানগর হাকিমের পাঁচটি আদালত কক্ষ, ডাকঘর, পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কক্ষ, জিআরও সেকশন, হাজতখানা, আইনজীবী মিলনায়তন এবং দ্বিতীয় তলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) কক্ষ, বার লাইব্রেরি, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়।
বর্তমানে এই অংশের সংস্কার পুরোপুরি শেষ হয়েছে। সংস্কারকৃত অংশে আগের মতই আদালত কক্ষসহ অন্যান্য কার্যালয় ফিরিয়ে না এনে জেলা প্রশাসন দখলে নিয়ে নেয় বলে আইনজীবী সমিতির দাবি। এর প্রতিবাদে সমিতির নেতারা জেলা প্রশাসকের অপসারণ দাবি করছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ভবন সংস্কারের পর আদালত ও বিভিন্ন কার্যালয় নির্ধারিত স্থানে ফিরে আসার কথা ছিল। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসক সংস্কার ও সংরক্ষণকৃত সব কক্ষ দখলে নিয়ে ভবনটিকে 'চট্টগ্রাম কালেক্টরেট' ভবন হিসেবে পরিচিত করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন।
আইনজীবী বা বিচারকদের সঙ্গে কোন প্রকার আলোচনা ছাড়াই জেলা প্রশাসন কক্ষ 'দখলে' নিয়েছে বলে সমিতি দাবি করেছে।
সমিতির দাবি, জেলা প্রশাসক পুরো আদালত ভবনকে প্রশাসনের 'দখলে' নিতে নকশা বিকৃত করে সংস্কারকৃত ভবনের পূর্ব ও পশ্চিমাংশের মাঝে দুটি বিশাল দেয়াল দিয়েছে। ফলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আইনজীবী নেতারা অবিলম্বে আদালত এবং সংশ্লিষ্ট কার্যালয় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এবং পূর্ব ও পশ্চিমাংশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দেয়াল অপসারণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, ইব্রাহীম হোসেন বাবুল, অধ্যাপক শফিউল আলম, রানা দাশগুপ্ত, সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24