২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন উপলক্ষে ৪ আগস্ট ১৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা এলাকায় আগামী ৪ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার এক সরকারি ঘোষণায় এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা এলাকায় আগামী ৪ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার এক সরকারি ঘোষণায় এ কথা জানানো হয়। নির্বাচনী এলাকাগুলো হলো: রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন এবং রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভা, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া পৌরসভা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা পৌরসভা, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভা, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া পৌরসভা, শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর পৌরসভা, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ পৌরসভা ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভা । এদিকে এই ১৩টি নির্বাচনী এলাকার ভোটারদের ভোটকেন্দ্র ও এলাকা সম্পর্কে এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) এর মাধ্যমে তথ্য জানাতে চুক্তি করেছে নির্বাচন কমিশন সচিবালয় ও রাষ্ট্রীয় মোবাইল সেবাদাতা টেলিটক বাংলাদেশ লিমিটেড। নির্বাচন কমিশনে রোববার আয়োজিত চুক্তি স্বাক্ষর শেষে কমিশন সচিব মুহম্মদ হুমায়ূন কবির জানান, প্রাথমিকভাবে ৪ আগস্টের নির্বাচনের জন্য চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভার ভোটাররা এ সুবিধা পাবেন। আগামীতে উপজেলা ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তা চালু হতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল ফোনের মেসেজ অপশনে ঊঈ লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখে ২২৩৩ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ ভোটার এলাকা ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে। রোববার থেকেই এ সেবা শুরু হচ্ছে। টেলিটকের প্রোগ্রাম ম্যানেজার রেজওয়ানুল হক জানান, গ্রামীণফোন, টেলিটক, একটেল ও বাংলালিংক গ্রাহকরাও ২২৩৩ নম্বরে ফোন করে এই সেবা পেতে পারেন। খুব শিগগিরই বাংলাতেও এসএমএস এর মাধ্যমে এ সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশন সচিব মুহম্মদ হুমায়ূন কবির, যুগ্মসচিব (আইন) এন আই খান, উপ সচিব (প্রশাসন) জেসমিন টুলী এবং টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, মহা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপ মহা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/১৯৪৫ঘ.