২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল নিয়ে মতান্তর

দেশের বিভিন্ন স্থানে শনিবার গভীর রাতে অনুভূত ভূমিকম্পের মাত্রা এবং এর কেন্দ্র নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যের সঙ্গে বিশ্বব্যাপী খুবই নির্ভরযোগ্য হিসেবে পরিচিত মার্কিন জিওলজিক্যাল সার্ভে ছাড়াও ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া হিসাবে পার্থক্য রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী ও এহেছান লেনিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মইনুল হক চৌধুরী ও এহেছান লেনিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে শনিবার গভীর রাতে অনুভূত ভূমিকম্পের মাত্রা এবং এর কেন্দ্র নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যের সঙ্গে বিশ্বব্যাপী খুবই নির্ভরযোগ্য হিসেবে পরিচিত মার্কিন জিওলজিক্যাল সার্ভে ছাড়াও ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া হিসাবে পার্থক্য রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। অন্যদিকে নিয়মিতভাবেই বিশ্বের বিভিন্ন স্থানের ভূমিকম্প পর্যবেক্ষণকারী ইউএস জিওলজিক্যাল সার্ভের ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার (এনইআইসি) বলছে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। যুক্তরাষ্ট্রের এনইআইসি-র তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ১১৫ কি.মি উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫ দশমিক ২ কি.মি.। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলেছে ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ২৩৮ কিমি উত্তর-পূর্বে সিলেট এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত 'আর্থ অবজারভেটরির' (ডিইউইও) তথ্য অনুযায়ী ভূমি থেকে ১৫ কি.মি গভীরতায় ময়মনসিংহ-গৌরীপুরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র। তাদের হিসাবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫ দশমিক ১। আর্থ অবজারভেটরির পরিমাপ অনুযায়ী এর কেন্দ্র অবজারভেটরি থেকে ১১৮ দশমিক ৯৬ কি.মি উত্তরে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা তাদের তথ্যই সঠিক দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশ্বমানের যন্ত্রপাতি ব্যবহার করছে। বিদেশি সংস্থাগুলো অনেক দূর থেকে পর্যবেক্ষণ করে বলে রিখটার স্কেলে মাত্রা ও কেন্দ্রের তারতম্য ঘটে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির পর্যবেক্ষণ সম্পর্কে তিনি বলেন, "এটি স্বীকৃত কোন সংস্থা নয়। তাই এদের পর্যবেক্ষণে কি পাওয়া গেল তা মুখ্য নয়।" ইউএসজিএস ও ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্যও 'নির্ভুল নয়' বলে মন্তব্য করেন তিনি । তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " অত্যাধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের কারণে একমাত্র ইউএসজিএস-ই নিখুঁত তথ্য দিতে সক্ষম। পার্শ্ববর্তী ভারতীয় আবহাওয়া অধিদপ্তরেও তুলনামূলকভাবে আধুনিক অবকাঠামো রয়েছে।" আইএমডি ভূ-কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৮ রেকর্ড করেছে বলেও জানান তিনি। সৈয়দ হুমায়ুন আখতার বলেন, "বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ছাড়া ইউএসজিএস, আইএমডি ও ডিইউইও প্রায় কাছাকাছি উৎপত্তিস্থল এবং মাত্রা রেকর্ড করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএইচসি/এসকে/১৯৩১ঘ.