ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে রোববার একটি মামলা হয়েছে।
৬৩ লাখ ২৩ হাজার ৬০২ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ করকমিশনার মো. মুহতাসিবুর রহমান খান।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, ড. মোশাররফ ১৯৯৬-৯৭ থেকে ২০০৫-০৬ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্জিত মোট ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৫০৪ টাকা আয় করেন, যা আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণীতে গোপন করেছেন।
এর মধ্য দিয়ে আসামি ৬৩ লাখ ২৩ হাজার ৬০২ টাকা আয়কর ফাঁকি দিয়েছে বলে রাজস্ব বোর্ডের অভিযোগ।
ড. মোশাররফকে গত বছরের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮২৪ ঘ.
bdnews24