২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্টে শোক পালন ও ছুটির নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দিন ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন ও ওইদিনে সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ১৫ আগস্টে সরকারি ছুটি বাতিল করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 07:26 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দিন ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন ও ওইদিনে সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ১৫ আগস্টে সরকারি ছুটি বাতিল করে। আওয়ামী লীগ সমর্থক তিন আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ ও বিচারপতি এম আশফাকুল ইসলামের বেঞ্চ রোববার এ রায় দেন। এর ফলে ১৫ আগস্ট সরকারি ছুটি বহাল হলো বলে আইনজীবীরা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, অ্যাডভোকেট মোল্লা আবু কায়সার ও এম এ মালেক গত বছর ৫ আগস্ট এ রিট আবেদনটি দায়ের করেন। রিট দায়েরের পর দিন হাইকোর্ট ১৫ আগস্টকে কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হবে না- তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করে। একইসঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়। রোববার রায়ের পর রিটকারী অ্যাডভোকেট মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ের ফলে জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রক্তের ঋণ শোধ করার সুযোগ পেলাম। এখন থেকে জাতি শ্রদ্ধার সঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে।" ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্টকে শোক দিবস ও দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পরের বছর ওই ছুটি বাতিল করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে খুন হন স্বাধীনতা সংগ্রামের নেতা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/জিএনএ/ ১৩৫৮ ঘ.